মাগুরার দুটি আসনেই বিএনপি প্রার্থীর জয়, গণভোটে ‘হ্যাঁ’ বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন অধিকাংশ ভোটার। বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
মাগুরা-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাগুরা–১ আসনের ১৫৬টি কেন্দ্রের সব কটির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবদুল মতিন পেয়েছেন ৮৯ হাজার ৬৮২ ভোট। হাতপাখা প্রতীকের নাজিরুল ইসলাম ১৩ হাজার ৪১৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৪ হাজার ৬১৬ এবং ‘না’ ভোট ১ লাখ ১৪ হাজার ৬৯৫।
মাগুরা–২ আসনের ১৪৫টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট এবং হাতপাখা প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন ১৬ হাজার ২২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৫৭ হাজার ৫৩২ এবং ‘না’ ভোট ১ লাখ ৩ হাজার ৯৮০।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। এর মধ্যে শ্রীপুর ও পৌরসভাসহ সদর উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা–১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। অন্যদিকে মহম্মদপুর, শালিখা ও সদর উপজেলার ৪ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা–২ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অনিয়ম বা সংঘাতের খবর পাওয়া যায়নি।