সীতাকুণ্ডে বিআইটিআইডি হাসপাতালে এক সপ্তাহে ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ১ সপ্তাহের ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই ভর্তি হয়েছেন ৬ ডেঙ্গু রোগী। এই তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের। তবে এবারের ডেঙ্গু ধরন এখনো চিহ্নিত করতে পারেননি তাঁরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এবারের ডেঙ্গু রোগীদের বৈশিষ্ট্য অন্যবারের তুলনায় কিছুটা আলাদা দেখা যাচ্ছে। রোগীর অন্যান্য উপসর্গের পাশাপাশি এবার রোগীদের বেশির ভাগের রক্তচাপ কম পাওয়া যাচ্ছে। পাশাপাশি রক্তের অণুচক্রিকাও (প্লাটিলেট) কম পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

সূত্র জানায়, হাসপাতালটিতে গত এক মাসে ৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বেশির ভাগ রোগীর বয়স ২০ থেকে ৬০ বছর। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী কর্নেল হাট, বিশ্ব কলোনি এবং সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা, ভাটিয়ারী ইউনিয়ন ও সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট, পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে রোগী বেশি ভর্তি হয়েছেন।

গত বছর সীতাকুণ্ডের যেসব ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন, তাঁদের বেশির ভাগ এসেছিল কুমিরা ইউনিয়নের বড় কুমিরা রেলওয়ে স্টেশন এলাকা, জেলেপাড়া এলাকা, ছোট কুমিরা এলাকা এবং সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ও পাক্কা রাস্তার মাথায় এলাকা থেকে। এবারও ওই জায়গাগুলো থেকে রোগী বেশি এসেছেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের মতো সীতাকুণ্ডে গত দুই বছর ধরে ডেঙ্গু রোগী ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা না নিয়ে বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেসব এলাকায় রোগী শনাক্ত হয়েছে, সেসব এলাকায় স্বাস্থ্যকর্মীরা মানুষকে সচেতন করতে কাজ করছেন। রোগীরা বেশির ভাগ শহরে আক্রান্ত হয়ে কয়েক দিন জ্বরে ভোগার পর গ্রামের বাড়ি চলে আসেন। ফলে গ্রামেও ডেঙ্গু ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।

বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, যতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের কারও অবস্থা সংকটাপন্ন হয়নি। কিন্তু রোগীদের রক্তে প্লাটিলেট কম পাওয়া যাচ্ছে। রক্তচাপও কম। এটা নতুন উপসর্গ। কোনো ধরনের ডেঙ্গু ভাইরাসের প্রভাবে এ রকমটা হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা নমুনা সংগ্রহ করেছেন। সেই নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছেন ধরন জানার জন্য। প্রতিবেদন পেলে ডেঙ্গুর ধরন নিশ্চিত হওয়া যাবে।

মামুনুর রশিদ আরও বলেন, এবার ডেঙ্গুর প্রভাব তুলনামূলকভাবে বেশি। সচেতনতার অভাবে এটি ছড়িয়ে পড়ছে। এটি প্রতিরোধ করতে হলে স্থানীয় পর্যায়ে সবাইকে সচেতন করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রথম আলোকে বলেন, গতকাল তিনজন রোগী তাঁদের হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। অবশ্য বহির্বিভাগে বেশ কিছু জ্বরের রোগী ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত বছর ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম হয়েছিল। এ কার্যক্রম প্রতিবছর চালানোর জন্য তিনি ইউপি চেয়ারম্যানদের অনুরোধ করেছিলেন। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, সেই সব ইউনিয়নে অবশ্যই মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। সে ক্ষেত্রে তাঁরা স্থানীয় চেয়ারম্যানদের পুনরায় মশা নিধনের জন্য কার্যক্রম চালানোর জন্য অনুরোধ করবেন বলে জানান।

আরও পড়ুন