নোয়াখালীর এসপির সাক্ষাৎকার
অতিথিদের বিষয়ে সতর্কতা দরকার, সন্তান একা থাকলে পুলিশকে জানান
নোয়াখালী শহরের একটি বাসা থেকে গত বৃহস্পতিবার ১৪ বছরের কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে স্কুলছাত্রীর সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম ওরফে রনিকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত এই ঘটনা শিশু-কিশোরদের নিরাপত্তাসহ নানা বিষয় সামনে নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে প্রথম আলো কথা বলেছে জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: নোয়াখালী শহরে নিজের বাসায় এক কিশোরী খুন হলো। একই ভবনে কিশোরীর আত্মীয়স্বজন ছিলেন। কেউই কিছু টের পেলেন না। বিষয়টি কীভাবে দেখছেন?
শহীদুল ইসলাম: আত্মীয়স্বজনেরা ছিলেন। তাঁরা দ্বিতীয় তলা কিংবা তৃতীয় তলায় থাকেন। ঘরের দরজা বন্ধ করে এই ঘটনা ঘটেছে। এ কারণে হয়তো কোনো শব্দ পাননি তাঁরা। আবার পরিবারগুলোর পরস্পরের সঙ্গে সম্পর্কও খুব একটা ভালো নয়। তাদের মধ্যে খুব একটা মিল না থাকার কারণে হয়তো কেউ খোঁজখবরও রাখে না।
প্রশ্ন :
প্রথম আলো: কোন মোটিভ ধরে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছিল?
শহীদুল ইসলাম: বিভিন্ন মোটিভ ধরেই তদন্ত শুরু হয়। তদন্ত এখনো শেষ হয়নি। আমাদের কাছে একটা তথ্য ছিল যে স্বজনদের মধ্যে কোন্দল আছে। যে কারণে আমরা কিশোরীর চাচাকে নিয়ে এসেছিলাম আমাদের কাছে। এ ছাড়া ঘরের দরজা যেহেতু ভাঙা হয়নি, সে ক্ষেত্রে কারা কারা বাসায় আসে, সেটির খোঁজ নিয়েছি। আর বখাটেদের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ করা হচ্ছিল, সেটিকেও আমরা গুরুত্বের সঙ্গে নিই। দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রশ্ন :
প্রথম আলো: আবদুর রহিম ওরফে রনি নামের এক আসামি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তদন্ত কোন পর্যায়ে আছে?
শহীদুল ইসলাম: তদন্ত এখনো চলছে। ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দি তদন্তেরই একটা অংশ। এখন আমরা দেখব ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি কী কী বলেছেন। সেগুলো ধরে আমরা বিশ্লেষণ করে তদন্তে প্রাপ্ত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখব। এর বাইরে আরও কিছু সাক্ষ্যপ্রমাণ আমাদের লাগবে। যেমন মেডিকেল রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট এগুলো আমরা হাতে পাব। আশপাশের সাক্ষীদের সঙ্গে কথা বলব। তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার চেষ্টা করব।
প্রশ্ন :
প্রথম আলো: নিহত ছাত্রীর পরিবারটি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছে।
শহীদুল ইসলাম: আমি নিজেই স্কুলছাত্রীর মা ও তার বোনের সঙ্গে কথা বলেছি। তাঁরা তাঁদের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। তবে তাঁরা যেসব বিষয় উল্লেখ করে অভিযোগ করেছেন, ওই বিষয়গুলো অনেক আগের। এরপরও বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। তবে স্কুলছাত্রীর চাচা যেহেতু আমাদের কাছে (৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে) আছেন, সে ক্ষেত্রে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ আছে।
প্রশ্ন :
প্রথম আলো: নিজের বাড়িতে স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার অন্য অভিভাবকেরা আতঙ্কের মধ্যে আছেন।
শহীদুল ইসলাম: বাসায় কে যায়, কে আসে—অভিভাবকদের এ ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আমার মনে হয়, অভিভাবকেরা যদি একটু সচেতন হন, নিরাপত্তার বিষয়টি যদি একটু মাথায় রাখেন। পরিচিত লোক হলেও কার সঙ্গে ছেলেমেয়ে মেলামেশা করবে, কারা বাসায় আসবে, সে বিষয়ে সচেতন হওয়া দরকার। তা ছাড়া সন্তানকে একা বাসায় রাখলে নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো উচিত। এখানে যে ঘটনাটি ঘটেছে, তারা কখনোই নিরাপত্তার বিষয়টি আমাদের জানাননি। অভিভাবকেরা নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হলে বিষয়টি পুলিশকে জানানো উচিত।