এ কেমন অদ্ভুত পৃথিবী, প্রশ্ন শিশুদের
‘বড়দের মুখেই শোনা যায়, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। অথচ বড়রাই পৃথিবীটা যুদ্ধ-বিগ্রহের দিকে ঠেলে দিচ্ছে। শিশু হত্যা করছে। এতে অনিশ্চিত ও অনিরাপদ হয়ে যাচ্ছে শিশুদের জীবন। কী করে শিশুরা জাতির ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে? এখন ফিলিস্তিনে শিশুদের বয়স নির্ধারণ করা হচ্ছে, সে কটা যুদ্ধের মুখোমুখি হয়েছে, তা নিয়ে। এ কেমন অদ্ভুত পৃথিবী?’
আজ শনিবার সকাল ১০টায় ফিলিস্তিনে যুদ্ধে বিপর্যস্ত শিশুদের সমর্থনে শিশুকিশোরদের মানববন্ধনে ফুলকির শিশু শিক্ষার্থীরা এসব কথা বলে। নগরের নন্দনকাননে ফুলকির সম্মুখে রাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিজনি ওয়ার্ল্ডের শতবর্ষ উপলক্ষে ফুলকিতে দুই দিনব্যাপী চলেছে শোভাযাত্রা, ডিজনি চলচ্চিত্রের গান, নাচ, অভিনয় নিয়ে সাংস্কৃতিক আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি। এর সংযুক্তি আয়োজন হিসেবে দ্বিতীয় দিন শিশুকিশোরদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় দুই শতাধিক শিশু-কিশোর, অভিভাবক ও শিক্ষক।
বক্তব্য দেয় অগ্নি প্রভা, ত্বাহা, ইরতিদা, অনিরুদ্ধ, জয়ন্ত, সত্যম, আয়মানসহ বেশ কজন শিশু-কিশোর। শিশুদের সঙ্গে মানববন্ধনে দাঁড়ান ফুলকি ট্রাস্টের সভাপতি কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, এ পৃথিবী শিশুদের বাসযোগ্য করে তোলা প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। এর কোনো বিকল্প হতে পারে না। অমানবিক সমাজ মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষক সঞ্জয় ভট্টাচার্যের সঞ্চালনায় ‘যুদ্ধ নয়, যুদ্ধ চাই না, শান্তি চাই, বাসযোগ্য পৃথিবী চাই’ সমবেত কণ্ঠের এমন স্লোগানে মানববন্ধন শেষ হয়।