কয়রায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারী
প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় রাবেয়া খাতুন (৪৬) নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাবেয়া খাতুনের মেয়ে রোজিনা খাতুন (২৮) বাদী হয়ে ১১ জনকে আসমি করে কয়রা থানায় মামলাটি করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌরাস্তার মোড়সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে রাবেয়া খাতুনের শরীর ঝলসে যায়। রাবেয়া খাতুন ওই এলাকার রেজাউল করিম সানার স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে পূর্ববিরোধের জেরে অ্যাসিড দিয়ে রাবেয়া খাতুনের মুখ ও শরীর ঝলসে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রতিবেশী জাহাঙ্গীর সানা, কাশেম সানা, আল-আমীন সানা, মহিনুর সানা, হজরত সানা, নাসির সানা, আরিফুল ইসলাম ওরফে বাবু, আরাফাত সরদার, আকবর সরদার, শামীম হোসেন ও রোকন মোল্যা পরস্পর যোগসাজশে রাবেয়া খাতুনকে মারধর করা হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে রাবেয়াকে হত্যার জন্য অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে রাবেয়া খাতুনের চোখের ডানপাশ, কোমর ও ডান হাতের বিভিন্ন অংশ ঝলসে যায়।

আহত রাবেয়া খাতুন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। রাবেয়া খাতুনের স্বামী রেজাউল বলেন, বেশ কিছুদিন আগের একটি মারামারির ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর সানাদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায়ও তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। শনিবার রাতে তাঁর স্ত্রী পাশের চৌরাস্তার মোড়ের দোকান থেকে পান কিনে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রাবেয়াকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুজিত কুমার বলেন, ‘ওই নারীর শরীরে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মারা হয়েছে—এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে সেটা অ্যাসিড কি না, তা ল্যাব পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তবে অ্যাসিড জাতীয় পদার্থের মতোই মনে হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকতা (আরএমও) মাহবুবুল আলম ফারাজি বলেন, রাবেয়া খাতুন নামে কয়রার এক নারীকে ওসিসিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরের কিছু অংশে পোড়া ক্ষত আছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা বলেন, গতকাল ওই গৃহবধূর মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।