নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুমনছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় শ্রমিকেরা। শনিবার সকাল ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি পৌর টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম সুমন (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ গ্রামের বাসিন্দা। আটক হাতেম (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকার বাসিন্দা। দুজনই পঞ্চবটি পৌর টার্মিনালসংলগ্ন বোডবাড়ী এলাকায় একই বাড়িতে ভাড়া থাকতেন। হাতেম অন্য ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হাতেম নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি নিয়ে সুমন প্রতিবাদ করেন ও বাড়ির মালিককে জানান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে সুমন কাজে যাওয়ার পথে পৌর টার্মিনালের সামনে পৌঁছালে হাতেম পেছন থেকে কাঠের টুকরা দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।

টার্মিনালের শ্রমিক শুক্কুর মিয়া বলেন, মাদক সেবনের প্রতিবাদ করায় হাতেম ক্ষুব্ধ ছিলেন। সকালে সুমনের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।