শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক
কাদাপানিতে একাকার, দুর্ভোগ
সোমেশ্বরী নদী থেকে প্রতিদিন সহস্রাধিক ট্রাকে করে ভেজা বালু পরিবহণে নতুন সংস্কার করা ওই সড়কটির এই অবস্থা হয়েছে।
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি বছরজুড়ে কাদাপানিতে একাকার হয়ে থাকে। ৩৭ কিলোমিটার সড়কের কৃষ্ণেরচর বাজার থেকে দুর্গাপুর পৌরশহরের উপজেলা মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ দেখে মনে হবে হালচাষের খেত। কোথাও কোথাও গর্তে জমে আছে কাদাপানি।
ট্রাকের চাকার ধাক্কায় গর্তের ময়লাপানি ছিটকে পড়ছে পথচারীসহ রাস্তার আশপাশের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে। সোমেশ্বরী নদী থেকে প্রতিদিন সহস্রাধিক ট্রাকে করে ভেজা বালু পরিবহনে নতুন সংস্কার করা ওই সড়কটির এই অবস্থা হয়েছে।
সোমেশ্বরী নদীর বালু এখন আমাদের কাছে শুধু দুঃখের কারণ নয়, এটি মূলত অভিশাপে পরিণত হয়েছে।পলাশ মিয়া, কলেজশিক্ষার্থী
স্থানীয় বাসিন্দা, জেলা প্রশাসন ও সওজ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ৩১৬ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি মহাসড়কে উন্নীত করা হয়। কিন্তু উদ্বোধনের পর পরই সড়কে কাদাপানি থাকে। দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে ভেজা বালুভর্তি ট্রাক পরিবহন করায় এমন দশা। প্রতিদিন ওই সড়ক দিয়ে প্রায় দুই হাজার বালুভর্তি ট্রাক, ড্রাম ট্রাক, লরি চলাচল করে। এতে এক দিকে যেমন তীব্র যানজট লেগে থাকে, অন্যদিকে কাদাপানির কারণে হেঁটে চলাচল করাও কষ্টকর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর পাঁচটি বালুমহাল রয়েছে। এ বছর অঞ্জন সরকার, ধনেশ পত্রনবিশ, ফারুক আহমেদ, সাইফুল মিয়া ও নজরুল ইসলামের নামে ওই পাঁচটি বালুমহাল প্রায় সাড়ে ২৬ কোটি টাকায় ইজারা দেয় প্রশাসন। তবে ইজারাদারদের নেপথ্যে রয়েছেন দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাল উদ্দিন। মূলত তিনিই বালুমহাল নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া ইজারাদাররা সরকার দলীয় ও প্রভাবশালী হওয়ায় কোনো রকম নিয়ম-নীতি না মেনে বালু উত্তোলন ও সরবরাহ করছেন। স্থানীয় প্রশাসনও তাঁদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। বালু ব্যবসায়ীরা নদীতে হাজার হাজার খননযন্ত্র বসিয়ে দিন-রাত কর্কশ শব্দে বালু উত্তোলন করছেন। এতে এলাকার শত শত বাড়িঘর, রাস্তা-ঘাট, সেতু, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ছে।
প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজা বালুভর্তি ট্রাক-লরিকে জরিমানা করেন।মোহাম্মদ রাজীব-উল আহসান, ইউএনও, দুর্গাপুর
ট্রাকের নিচে চাপা পড়ে প্রতি বছর ২০ থেকে ২৫ জনের মৃত্যু হচ্ছে। বালুভর্তি ট্রাক দুর্গাপুর শহরের প্রধান সড়ক দিয়ে পরিবহন করায় ট্রাক থেকে পানি চুইয়ে সড়কটি কাদায় একাকার হয়ে আছে। বিশেষ করে কৃষ্ণেরচর, শিমুলতলা, বিরিশিরি, উৎরাইলবাজার, কারচারী মোড়, এমপির মোড়, নাজিরপুর মোড়, কালীবাড়ি মোড়, তেরিবাজার মোড়, কলেজ রোড, উপজেলা মোড়সহ বিভিন্ন এলাকা বছরজুড়ে পাকা সড়কটিতে কাদায় একাকার। এসব কাদা ছিটকে ব্যবসায়ীদের দোকান পাটের মালামাল নষ্ট, শিক্ষার্থী, পর্যটকসহ পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে।
কলেজশিক্ষার্থী পলাশ মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীর বালু এখন আমাদের কাছে শুধু দুঃখের কারণ নয়, এটি মূলত অভিশাপে পরিণত হয়েছে। কারণ, কোনো নিয়ম না মেনে বালু উত্থোলন করে প্রতিদিন শত শত ট্রাকে করে ভেজা বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে সড়কটি ভেঙে যাওয়াসহ বছরজুড়ে কাদা থাকে।’
এ পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাবেচা কমে গেছে বলে জানান বিরিশিবির মনিহারি দোকানদার সুভাস সরকার। দুর্গাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায় বলেন, ‘পৌর শহরের প্রধান রাস্তা দিয়ে হাজার হাজার ট্রাক চলাচল করায় যানজটের পাশাপাশি ট্রাক থেকে পানি পড়ে কাদায় সয়লাব।’
দুর্গাপুর পৌর মেয়র আলাল উদ্দিন ফোন ধরেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান বলেন, প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজা বালুভর্তি ট্রাক-লরিকে জরিমানা করেন।