ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত শুক্রবার দিবাগত রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত আসাদুল হক (৩৮) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা আছে।
বিজিবি জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পীরগঞ্জের সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়েন। এতে আসাদুল হক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাঁকে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত আসাদুল আমার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছি।’
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বলেন, ভারতের গণমাধ্যমের খবর থেকে বাংলাদেশির মৃত্যুর বিষয়ে তাঁরা জেনেছেন। বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ বিষয়ে আজ রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।