প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকেরা ছুটে আসছেন শ্রীমঙ্গলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে
ছবি: শিমুল তরফদার

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান ও দর্শনীয় স্থানগুলোতে স্থানীয় লোকজন ও পর্যটকেরা ঘোরাঘুরি করছেন। বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ায় সকালে লোকজন তেমন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ও পর্যটকেরা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন। তবে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের উপস্থিতি কম ছিল।

গতকাল শনিবার ও আজ রোববার দেখা গেছে, শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোয় বেশির ভাগ ভিড় করছেন স্থানীয় লোকজনই। হাতেগোনা কিছু পর্যটক পাওয়া গেছে, যাঁরা বের হয়েছেন। রোববার মেঘলা আবহাওয়া থাকায় শ্রীমঙ্গল ঘুরতে আসা অনেক পর্যটকই হোটেল রিসোর্টে বসে সময় পার করছেন।

শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান, টি-রিসোর্টসংলগ্ন রাবারবাগান, বধ্যভূমি একাত্তর, বিটিআরআই, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, নীলকণ্ঠ, রাধানগর, মণিপুরিপাড়ায় লোকজন বেশি দেখা গেছে। এ ছাড়া শ্রীমঙ্গল ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় লোকজন পাশের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকে বেশি ভিড় করেছেন। এসব পর্যটন স্পট পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল থানাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দর্শনীয় স্থানগুলোয় রয়েছে।

এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঈদ উপলক্ষে পিকআপ ভ্যান, জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও মোটরসাইকেলে করে ঝুঁকিপূর্ণভাবে ঘুরে দেখা গেছে অনেক তরুণকে। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ তাঁদের আটকে ঝুঁকিপূর্ণ চলাচলে নিরুৎসাহিত করছে।

চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় লোকজন ও পর্যটকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিটিআরআই এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকা থেকে আসা নাজমুল হাসান নামের এক পর্যটক বলেন, ‘গতকাল বিকেলে গাড়ি নিয়ে এসেছি। আজ সকালে অনেক বৃষ্টি হয়েছে। তাই দুপুর পর্যন্ত হোটেলে থেকে খাওয়াদাওয়া করে এখন বের হলাম। আকাশ পুরোই মেঘলা। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তবে এই আবহাওয়ায় ঘুরে বেড়াতে ভালো লাগছে। মাথার ওপর সূর্যের তাপ নেই। গরম নেই। বৃষ্টি না এলে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াব।’

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা পর্যটক রিপন প্রসাদ বড়ুয়া বলেন, ‘ঈদের ছুটি কাটাতে পুরো পরিবার নিয়ে শ্রীমঙ্গল এসেছি। এর আগেও এখানে এসেছি কয়েকবার। এখানকার সবুজ প্রকৃতির টানে বারবার আসতে ইচ্ছে করে। এখানকার পরিবেশ খুবই চমৎকার। এখানে আসা পর্যটক ও স্থানীয়দের আরও সচেতন হতে হবে। না হলে এই সবুজ প্রকৃতি ধীরে ধীরে কমে যাবে।’

নবনিকা নামে আরেক পর্যটক বলেন, ‘শ্রীমঙ্গলে এর আগেও ঘুরতে এসেছিলাম। আজ অনেক জায়গায় গেলাম। তবে গত কয়েক বছরে অনেক পার্থক্য হয়ে গেছে। আগে শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ার রাস্তা ধরলেই বানরসহ নানান প্রাণী দেখা যেত। এখন সেটা দেখা যায় না। পরিবেশেও অবক্ষয় ঘটেছে। শুধু বড় বড় রিসোর্ট করলেই হবে না। সবুজ প্রকৃতি, বন্য প্রাণী—সবকিছু টিকিয়ে রেখেই কাজ করতে হবে।’

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পর্যটন ব্যবসায়ীরা হতাশ হয়েছি। আমাদের বেশির ভাগ হোটেল রিসোর্টে ৪০ শতাংশ রুম ভাড়া হয়েছে। আগামী দিনগুলোতে তেমন আগাম বুকিং নেই। হোটেল রিসোর্টে গেস্ট বেশি হলে রেস্টুরেন্ট, পরিবহনসহ সংশ্লিষ্ট সবাই লাভবান হয়। কিন্তু এ বছর সবাই হতাশ হয়েছে। এখন শ্রীমঙ্গলে তেমন গরমও নেই। দিনের তাপমাত্রা অনেক কম। পর্যটকেরা এই সময়ে শ্রীমঙ্গল ঘুরে যেতে পারেন। আমাদের হোটেল-রিসোর্ট থেকে অনেক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আজ ঈদের দ্বিতীয় দিনেও পর্যটক তেমন আসছে না।’