বরগুনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর (রাইসুল ইসলাম) অফিস কক্ষে মেসার্স মিথুন ট্রেডার্সের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও তাঁর ভাইয়ের ছেলে মো. বশির একটি প্রকল্পের (উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ) কাজ বিধিবহির্ভূতভাবে নিজ ঠিকাদারি লাইসেন্সের নামে দেওয়ার কথা বলেন। বিষয়টি তিনি আইনবহির্ভূত বলায় তাঁরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার ভাইয়ের ছেলের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন। আমি তাঁকে বলেছি, কাজ না দিলে টাকা ফেরত দেন। তখন তিনি খারাপ আচরণ করেন। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছি। তারপর আমিও তাঁর নামে জিডি করেছি।’

টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল রাতে থানায় এসেছিলেন। তিনি জিডি করবেন বলে জানিয়েছেন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ দেননি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর জিডির তদন্ত শুরু হয়েছে।