ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত তীব্র যানজট। আজ বৃহস্পতিবারছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে এই যানজট শুরু হয়। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মরিয়ম আক্তার বলেন, তিনি সকাল সাতটায় ঢাকা থেকে বাসে করে রওনা দেন। পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কাছে পৌঁছে যানজটে আটকা পড়েন। যানজটের কারণে ৫০ কিলোমিটারের পথ যেখানে সাধারণত ৫০ মিনিটে অতিক্রম করা যায় তা পাড়ি দিতে তাঁর সোয়া দুই ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমের মধ্যে যানজটে আটকা পড়ে বাসে বসে থেকে অনেক কষ্ট পেয়েছেন তিনি।

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের চিকিৎসক রিয়াজুল ইসলাম বলেন, তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটায় ঢাকার গুলিস্তান থেকে মতলব এক্সপ্রেসের বাসে ওঠেন। দাউদকান্দি অংশে পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ১০ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সন্দীপ সাহা প্রথম আলোকে বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকাগামী সড়কের মেঘনা-গোমতী সেতু এবং চট্টগ্রামগামী সড়কের মেঘনা সেতুর টোল আদায়ে বিলম্ব হচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।