পিআইওকে মারধরের মামলায় গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ গ্রেপ্তার

গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে দিনাজপুর শহরের সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামুনুর রশিদ গত সংসদীয় নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল, পীরগঞ্জ উপজেলা) আসনে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করেছিলেন। জামানত হারান তিনি। মামুনুর গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

পিআইওকে মারধরের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন মামুনুর। গতকাল রাতে দিনাজপুর শহর থেকে দিনাজপুর কোতোয়ালি থানা–পুলিশের সহায়তায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করে রানীশংকৈল থানার পুলিশ।

পুলিশ জানায়, ৭ এপ্রিল রাত ৯টার পর রানীশংকৈল উপজেলা পরিষদ ভবনে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন পিআইও নুরনবী সরকার। এ সময় মামুনুর রশিদ লোকজন নিয়ে সেখানে যান। রাতে কার্যালয় খোলা নিয়ে পিআইওর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মামুনুর রশিদ ও তাঁর সহযোগীরা পিআইওকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মী এসে পিআইওর পক্ষে অবস্থান নেন। এ সময় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে মামুনুর রশিদ ও তাঁর সহযোগীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনার পর ওই দিন রাতেই পিআইও নুরুন্নবী সরকার বাদী হয়ে মামুনুর রশিদসহ পাঁচজনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও সদস্য রাকিব ফেরদৌসও। মামলার পরপরই অভিযান চালিয়ে রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে থানা–পুলিশ।

পিআইও নুরনবী সরকার অভিযোগ করে বলেন, ‘মামুনুর রশিদ বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করতেন। রাজি না হওয়ায় তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। সেদিন রাতে দপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় মামুনুর রশিদ লোকজন নিয়ে অফিসে এসে আমার ওপর হামলা চালিয়ে মারধর করেন। হামলাকারীরা অফিসের কাগজপত্র তছনছ করেন। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

মামুনুর রশিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রহমত উল্লাহ (রনি) জানান, উপজেলা পরিষদ ভবনের পিআইও কার্যালয়ে প্রবেশ করে পিআইওকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার পর প্রধান আসামি মামুনুর রশিদ গা ঢাকা দেন। গতকাল দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।