রাজশাহী-গোদাগাড়ী সড়কে ১৬ বাঁক, ৯ মাসে ৭০ দুর্ঘটনা
রাজশাহী-গোদাগাড়ী সড়কে ৬ কিলোমিটারে ১৬টি বাঁক। এসব বাঁকে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলতি বছরে এ সড়কে ৭০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোদাগাড়ী ফায়ার সার্ভিস। এতে ১২ জনের মৃত্যুর খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে ৮৪ দিনে এই সড়কে ২২ জনের মৃত্যু হয়েছিল। দিন দিন দুর্ঘটনা বেড়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে সড়কটি ।
সর্বশেষ গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায় রাজশাহী-গোদাগাড়ী সড়কে গতকাল সোমবার সকালে মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক দুমড়েমুচড়ে যায়। এতে একটি ট্রাকে আটকা পড়া চালক রবিউল ইসলামকে (২৮) গাড়ির সম্মুখভাগ কেটে বের করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সড়ক বিভাগ বলছে, অতিরিক্ত বাঁক থাকায় দুই লেনের এই সড়ক ঝুঁকিপূর্ণ। গোদাগাড়ী উপজেলা সদর থেকে রাজশাহীতে আসতে এক কিলোমিটারে চারটি ও পরবর্তী ৫ কিলোমিটারে রয়েছে ১২টি ভয়াবহ বাঁক।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন, পুলিশ, প্রকৌশলী ও স্থানীয়দের ভাষ্য, সোনামসজিদ স্থলবন্দরের পণ্য, চাঁপাইনবাবগঞ্জের আম, গোদাগাড়ীর টমেটো ও করিডরের গরু বহনকারী শত শত ট্রাক সারা দেশে যায় এ সড়ক দিয়ে। এ সড়কে পৌঁছাতে পৌঁছাতে চালকেরা ক্লান্ত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অনেক সময় রাজশাহীতে আসার পরে গাড়ির স্টিয়ারিং থাকে চালকের সহকারীর হাতে। ফলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাড়ি, দোকানপাট বা বিপরীতমুখী যানবাহনকে ধাক্কা দেয়।
গতকাল দুর্ঘটনার শিকার সিমেন্টবাহী ট্রাকের চালক রবিউল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি পাবনা থেকে সিমেন্ট নিয়ে আসছিলেন। দুর্ঘটনায় তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ও বাঁ হাত থেঁতলে গেছে। এ ছাড়া সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। রাজশাহী হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রবিউল কথা বলতে পারছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, একটি অটোরিকশায় চার-পাঁচজন যাত্রী ছিল। তাঁদের বাঁচাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তখন বৃষ্টি ছিল বলে ব্রেকও কাজ করেনি।
ওয়ার্ডের মিনি ওটিতে রাখা হয়েছে রবিউলকে। চিকিৎসকেরা তাঁর ক্ষতস্থানে ব্যান্ডেজ জড়িয়ে দিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে সেখানকার একজন ওয়ার্ডবয় বলেন, রবিউলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও অন্তত চার ব্যাগ রক্তের প্রয়োজন।
রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিসের হিসাবমতে, চলতি বছর এই সড়কের গোদাগাড়ী অংশে ৭০টি দুর্ঘটনা ঘটেছে। সড়কটির কিছু অংশ রাজশাহীর পবা উপজেলার মধ্যে পড়েছে। ওই অংশে ঘটা দুর্ঘটনায় হিসাব পাওয়া যায়নি। চলতি বছর ওই সড়কে ১২ জনের মৃত্যুর খবর রয়েছে প্রথম আলোর কাছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খন্দকার আকবর আলী প্রথম আলোকে বলেন, গোদাগাড়ী সড়কে এ বছর এখন পর্যন্ত ৭০টি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর রয়েছে তাঁদের কাছে। অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সেই খবর তাঁদের কাছে আসে না।
সড়কের বাঁক ও বেপরোয়া গতির কারণে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে উল্লেখ করে আকবর আলী বলেন, সর্বশেষ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেখান থেকে ২০০ গজ পশ্চিমে বাঁক রয়েছে। বাঁক থেকে বের হয়ে এসে ইটের ট্রাক ও চাঁপাইনবাবগঞ্জগামী সিমেন্টের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
২০১৮ সালের ১৩ মে থেকে ৬ আগস্ট পর্যন্ত ওই সড়কে দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়। ওই বছরের ২২ জুলাই সড়কটির দুর্ঘটনার চিত্র ছিল ভয়াবহ। সেদিন ভোর সাড়ে পাঁচটায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের পাশে একটি মাংসের দোকানে ঢুকে পড়লে মারা যান দোকানি। সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে নিয়ে রাজশাহী আসছিলেন এক ব্যাংক কর্মকর্তা। বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। ওই দিন বিকেলে একটি মিনিবাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। রাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারীর মৃত্যু হয়।
গোদাগাড়ী উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিমুল আকতার ওই সময় প্রথম আলোকে বলেছিলেন, গোদাগাড়ী উপজেলা এলাকায় ঢুকতে রাস্তায় এমন কয়েকটি বাঁক রয়েছে, যেগুলোর কারণে ওপাশ থেকে কোনো গাড়ি এলে বোঝা যায় না। এ ছাড়া চালকেরাও অনেক সময় গাড়ি সহকারীর হাতে ছেড়ে দেন। এর প্রমাণ তিনি নিজেও একাধিকবার পেয়েছেন। থামতে বলার পরও আরও দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। পরে পুলিশ ধাওয়া করে থামানোর পর দেখা গেল, চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন।
সড়কটির বাঁকগুলো ঠিক করার জন্য তাঁরা কাজ করছেন জানিয়ে গতকাল রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, চার লেনের রাস্তা থেকে ওই এলাকায় দুই লেনের রাস্তা শুরু হওয়ায় দুর্ঘটনা ঘটছে বেশি। সড়কটি ছয় লেনে উন্নীত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।