ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি দল। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন নিয়ন্ত্রণে আনার দুদিন পর কক্সবাজারের উখিয়ার ইনানীতে সেই ‘গ্যাসকূপে’ বিস্ফোরণ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৭ কর্মী দগ্ধ হয়েছেন।

বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করতে গিয়েছিলেন ওই কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে সাত কর্মী দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজসংলগ্ন এলাকায় গ্যাসকূপটির অবস্থান। দগ্ধের বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ডিজিএম আবদুস ছালাম। তিনি বলেন, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

বাপেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধ ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন।

পুলিশ ও বাপেক্স জানায়, গত শুক্রবার প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা ইনানীর ওই গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্ভের কাজ শুরু করে বাপেক্সের বিশেষজ্ঞ দল। সেই কাজের মধ্যেই আজ দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ বাপেক্সের কর্মীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

চলতি বছরের ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। পরে উদ্‌গীরিত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ওই স্থানে আগুন জ্বলতে থাকে। এ ঘটনায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।