পুলিশের হেফাজত থেকে হাতকড়া খুলে পালালেন চুরির মামলার আসামি
বগুড়ায় আদালত চত্বর থেকে পুলিশের হেফাজতে থাকা চঞ্চল ওরফে ইমরান (৩২) নামের চুরির মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন। আজ রোববার বেলা দুইটার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আসামি চঞ্চল সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া এলাকার বাসিন্দা। মোটরসাইকেল চুরি করতে গিয়ে গাবতলী মডেল থানা-পুলিশের হাতে গতকাল শনিবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী ও সারিয়াকান্দি সার্কেল) নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে চঞ্চলকে গাবতলী মডেল থানা-পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর মোটরসাইকেল চুরির একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বগুড়ার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গাবতলীর আমলি আদালত) পাঠানো হয়। সেখানকার আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানতে পেরেছেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন সরকার প্রথম আলোকে বলেন, আসামি চঞ্চলকে অন্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করার জন্য বগুড়ায় নেওয়া হয়। গাড়ি থেকে নামানোর পর আদালতে নেওয়ার আগে কৌশলে হাতকড়া খুলে ওই আসামি পালিয়ে যান।
বগুড়া আদালত পুলিশের পরিদর্শক অশোক কুমার সিংহ বলেন, গাবতলী মডেল থানা থেকে পুলিশের হেফাজতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামিদের গাড়িতে করে বগুড়া আদালতে নেওয়া হয়। মোটরসাইকেল চুরির মামলার আসামি চঞ্চল ও চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার একজন কলেজশিক্ষককে একসঙ্গে হাতকড়া পরানো হয়েছিল। গাবতলী থেকে বগুড়া আসার পথে গাড়িতেই সম্ভবত কৌশলে হাতকড়া খুলে ফেলেছিলেন। আদালত চত্বরে গাড়ি থেকে নামানোর পরপরই সুযোগ বুঝে চঞ্চল পালিয়ে যান।