পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আফজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
ফাইল ছবি

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা) আসনের উপনির্বাচনে এক প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন আজ বুধবার। এদিন দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন আফজাল হোসেন।

আরও পড়ুন

আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় সংসদ ভবনে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আজ দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম উপনির্বাচনে একজন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার।

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা যাওয়ায় পটুয়াখালী-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত।