আদালতের আদেশে আবারও ঝুলে গেল চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

উচ্চ আদালতের আদেশে আবারও ঝুলে গেছে চট্টগ্রামের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চার সদস্যের পূর্ণাঙ্গ চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হয়। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে চট্টগ্রাম চেম্বারের বিরোধ নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। ফলে ৪ এপ্রিল নির্বাচনের সুযোগ নেই।

এর আগে ৩ মার্চ স্থগিত হওয়ার পাঁচ মাস পর চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। নতুন তারিখ অনুযায়ী, আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ফেব্রুয়ারির আইনি মতামতের ভিত্তিতে চেম্বারের সাধারণ ও সহযোগী গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সেটি আর হচ্ছে না।

চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এ নিয়েই ২৪ সদস্যের চেম্বারের পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন। এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন।

চেম্বার সূত্র জানায়, শুরুতে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের আটটি সংগঠনকে বাদ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম চেম্বার। পরে গত বছরের ৪ সেপ্টেম্বর মন্ত্রণালয় এই আট সংগঠনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হাইকোর্টে রিট করেন। এফবিসিসিআইতেও অভিযোগ করেন তিনিসহ তিন ব্যবসায়ী।

রিটের ভিত্তিতে প্রথমে গত ২২ অক্টোবর হাইকোর্ট দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়ে রুল জারি করেন। পরে ৪ সেপ্টেম্বর চিঠিতে স্থগিতাদেশ দেন। আপিলে ৩০ অক্টোবর আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন। এরপর ১১ ডিসেম্বর হাইকোর্ট ছয়টি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয় প্রতিনিধিকে অংশ নেওয়ার সুযোগ দেন। এ আদেশের বিরুদ্ধেও আপিল করেন মোহাম্মদ বেলাল। ওই আপিলের পরিপ্রেক্ষিতে আদালত আজ এই আদেশ দেন। তবে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে চেম্বার নির্বাচনে বাধা নেই বলে আইনি মতামত দেওয়া হয়েছিল।

রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী আশফাকুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত দিতে আদেশ দিয়েছে। এ ছাড়া হাইকোর্টের সর্বশেষ আদেশকে আমলে না নিতেও নির্দেশ দিয়েছে। আদালত মৌখিকভাবে বলেছেন, ৪ এপ্রিল নির্বাচনের সুযোগ নেই।