ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দলে দলে নেতা–কর্মীরা সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছেন। আজ শনিবার বেলা দুইটায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আজ সকাল থেকে বাস নিয়ে নেতা–কর্মীরা ঢাকা যেতে শুরু করেছেন।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, বিএনপির পরপর জেলা আওয়ামী লীগের বড় সম্মেলন হওয়ায় এতে বিপুল জমায়েতের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। সম্মেলনে বিপুল লোকসমাগম দেখাতে আজ সকাল থেকে ঢাকা জেলা কমিটির অন্তর্গত সাভার ও ধামরাই উপজেলার নেতা–কর্মীরা প্রায় ৭৫০ বাস নিয়ে ঢাকায় গেছেন। নেতা–কর্মীবাহী বাসের চাপে বেলা ১১টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে সাভারের নবীনগর পর্যন্ত ঢাকাগামী অংশের বেশ কয়েকটি স্থানে যানজট সৃষ্টি হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, সাভারের আশুলিয়া থানার নেতা-কর্মীরা আশুলিয়া-বেড়িবাঁধ হয়ে এবং সাভার ও হেমায়েতপুরের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন, সাভার উপজেলা থেকে পাঁচ শতাধিক বাসে করে নেতা-কর্মীরা সম্মেলনে যাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে সবাই সম্মেলনে যোগ দিচ্ছেন। তবে সড়কে যানজট থাকায় একটু সমস্যা হচ্ছে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের রাজনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলন উপলক্ষে আগে থেকেই পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে নেতা-কর্মীরা বাস, প্রাইভেট কারসহ বিভিন্ন পরিবহনে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির প্রথম আলোকে বলেন, ‘২৫৩টি বাসে করে ১২ হাজার নেতা-কর্মী নিয়ে আমরা সম্মেলনে যোগ দিচ্ছি। এর বাইরেও আরও অর্ধশতাধিক ব্যক্তিগত গাড়ি নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দিচ্ছেন।’
বেলা একটার দিকে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সম্মেলনগামী বাসগুলো সাভারের হেমায়েতপুরে কিছু সময়ের জন্য অপেক্ষা করায় ওই এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে এর আগে নবীনগর ও রেডিও কলোনি এলাকায় যানজট দেখা দিলেও দ্রুততম সময়েই সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে তিন শতাধিক পরিবহন সম্মেলনের দিকে গেছে।