ট্রাকচাপায় শেষ ঈদে বাবা-ছেলের নতুন জামা পরার স্বপ্ন
স্ত্রী-সন্তান আর মা–বাবা নিয়ে সুখের সংসার ছিল সেলিম উদ্দিনের। স্বল্প আয়ের কারণে নিজে কষ্ট করলেও সন্তানদের পড়ালেখাসহ আনুষঙ্গিক খরচ মেটাতে কখনো কার্পণ্য করতেন না। ঈদ সামনে রেখে ছেলেমেয়ের আবদার মেটাতে একমাত্র ছেলেকে নিয়ে ঈদের পোশাক কিনতে বাজারে গিয়েছিলেন সেলিম। পোশাক কিনে ফেরার পথে তরমুজবোঝাই একটি ট্রাকের চাপায় শেষ হয়ে যায় ঈদে বাবা-ছেলের নতুন জামা পরার স্বপ্ন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনায় সেলিম ও তাঁর ১০ বছর বয়সী সন্তান নিহত হয়। আজ রোববার সকালে পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে দাফন করা হয়েছে।
নিহত সেলিম উদ্দিন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কেব্ল নেটওয়ার্ক সংযোগের কাজ করতেন। তাঁর ছেলে মো. মিনহাজ (১০) বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
আজ দুপুরে সেলিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, একসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে আহাজারি করছিলেন স্বজনেরা। থমথমে পরিবেশ বিরাজ করছিল পুরো বাড়িতে।
সেলিমের চাচা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, সেলিম খুব সৎ ও পরিশ্রমী ছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ের বয়স পাঁচ বছর। ছেলেটি খুব মেধাবী ছিল। ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মৃত্যু হয়। কয়েকটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া ছিল সেলিমের। তাঁর মৃত্যুতে এখন সেসব ঋণ কীভাবে শোধ হবে, আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে মেয়েকে কীভাবে মানুষ করবেন তাঁর স্ত্রী; এটাই বড় চিন্তার বিষয়।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় দারগারহাট এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।