চট্টগ্রামে মুঠোফোন চোর সন্দেহে যুবককে গণপিটুনি, পরে মৃত্যু

গণপিটুনিপ্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে সাড়ে আটটার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাজি জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত যুবকের নাম মোহাম্মদ বেলাল হোসেন (৩৮)। তিনি জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামের হালদা ভ্যালি চা–বাগান এলাকার বাসিন্দা। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কিল–ঘুষিসহ পিটিয়ে জখম করার চিহ্ন পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কোম্পানি বাড়ির একটি ঘরের জানালা দিয়ে মুঠোফোন চুরির সময় গ্রামবাসী বেলালকে হাতেনাতে ধরেন। পরে তাঁকে পিটুনি দিয়ে এক জায়গায় ফেলে রাখা হয়। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, গণপিটুনির শিকার ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘরের জানালা দিয়ে মুঠোফোন চুরি করতে গিয়ে ধরা পড়েন নিহত বেলাল। তাঁর বিরুদ্ধে থানায় দুটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।