বাড়ি ফেরার সময় ‘পেছন থেকে ছোড়া’ দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম সরকার (৫০)। তিনি রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে এবং কৃষিপণ্যের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী চরমধুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সংরক্ষিত নারী সদস্য।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল। আগে থেকেই পথে ওত পেতে ছিল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাঁকে পেছন থেকে পিঠে গুলি করে পালিয়ে যায় তারা।
রফিকুলের চিৎকারে ঘটনাস্থলে এগিয়ে যান স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা জানান, ‘রফিকুল ইসলাম নামের একজনকে মৃত অবস্থায় গত রাতে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পিঠে গুলির চিহ্ন ছিল। রাতেই ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।’
কে বা কারা এবং ঠিক কী কারণে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা করেছে, এগুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।