সিলেটে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার জুমার নামাজ শেষে নগরের মধুশহীদ এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রার্থীদের প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।

সকালে প্রথমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত মেয়র প্রার্থীর প্রতীক ঘোষণা করা হয়। দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা, জাতীয় পার্টির নজরুল ইসলামের লাঙ্গল, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসানের হাতপাখা, জাকের পার্টির জহিরুল আলমের গোলাপ ফুল প্রতীক আগেই বরাদ্দ ছিল। বিষয়টি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়া মোহাম্মদ আবদুল হানিফ ঘোড়া, ছালাহ উদ্দিন (রিমন) ক্রিকেট ব্যাট ও শাহ জাহান মিয়াকে বাস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েন। প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। প্রার্থীরা দুপুরে সিলেটের ভিন্ন ভিন্ন এলাকায় জুমার নামাজ আদায় করে ফের প্রচারে নামেন। নিজ নিজ এলাকায় উদ্বোধন করেন নির্বাচনী কার্যালয়।

নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে প্রার্থীদের নাম ও প্রতীক অবহিত করে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সুরে সুরে গান গেয়ে বিভিন্ন ঢঙে প্রার্থীদের পরিচিতি দিয়ে ভোট প্রার্থনা করে মাইকিং করা হচ্ছে। অলিগলিতে টাঙানো হয়েছে প্রার্থীদের প্রতীক–সংবলিত ফেস্টুন ও পোস্টার।

প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আচরণবিধি মেনে নির্বাচনের প্রচারণা চালাবেন। তিনি বলেন, নৌকা দেশের উন্নয়নের প্রতীক। সিটি করপোরেশন এলাকার প্রায় পাঁচ লাখ ভোটার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে স্মার্ট, পরিষ্কার–পরিচ্ছন্ন ও সবুজ নগর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন ক্ষমতাসীন দলের এই প্রার্থী।

পরে কর্মী ও সমর্থকদের নিয়ে নগরের মেন্দিবাগ ও শাহজালাল উপশহর এলাকায় প্রচারপত্র বিলি করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বেলা সাড়ে ১২টার দিকে শেখঘাট এলাকা ও মধুশহীদ এলাকায় প্রচার চালান। পরে সন্ধ্যায় নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় আনোয়ারুজ্জামানের সঙ্গে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম প্রতীক বরাদ্দ পাওয়ার পর ভবিষ্যতে সিলেট সিটিকে সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়তে সবার কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান। পরে নগরের মেন্দিবাগ ও শাহজালাল উপশহর এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার শুরু করেন। দুপুরে নগরের শামীমাবাদ এলাকায় নির্বাচনী প্রচার চালান।

প্রতীক বরাদ্দের পর ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান প্রতিক্রিয়ায় বলেন, সিলেট সিটি করপোরেশনে গত ২০ বছরে যে উন্নয়ন হয়নি, তিনি নির্বাচিত হলে সে উন্নয়ন করবেন। হোল্ডিং ট্যাক্স ২০ শতাংশ কমানো এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করতে বিড়ম্বনা থেকে মুক্তি দিতে উদ্যোগ নেবেন। এ ছাড়া সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন মাহমুদুল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি কর্মী–সমর্থকদের সঙ্গে হাতপাখা প্রতীক নিয়ে মিছিল করে নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট এবং শাহজালাল উপশহর এলাকায় প্রচারে নামেন।

প্রতীক নিয়ে বেশি উন্মাদনা দেখা গেছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল করীম চৌধুরী রেডিও, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহামদ ঝুড়ি, একই ওয়ার্ডের প্রার্থী রিমান আহমদ ঠেলাগাড়ি, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শান্তনু দত্ত ঘুড়ি এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিন ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরপরই জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

রেডিও প্রতীক বরাদ্দ পাওয়া কাউন্সিলর প্রার্থী আবদুল করীম বলেন, রেডিও ঐতিহ্যের প্রতীক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান রেডিওতে শুনতে পেয়েই উৎকণ্ঠিত মানুষ উজ্জীবিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধে। প্রযুক্তির এ সময়েও রেডিওর প্রয়োজন ফুরিয়ে যায়নি। এ জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতীকটি চেয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট সিটি এলাকায় ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। তফসিল অনুযায়ী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনে ভোট হবে।