১৬ বছরে যারা মজলুম ছিল, আজকে অনেকেই জালেম হয়ে উঠছে: নুরুল হক নুর
ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘গত ১৬ বছরে যারা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম ছিল; আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের ওপরে জুলুম-নির্যাতন এমনকি অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাঁদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে পুরোনো মডেলের রাজনীতি ছুড়ে ফেলেছিল, এক বছর পর আমরা আবার সেই ফ্যাসিবাদের আলামত দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরের বাটার মোড়ে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটি আয়োজিত এক গণসমাবেশে এই মন্তব্য করেন নুরুল হক। সমাবেশে দলটির মহানগর কমিটির আহ্বায়ক আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে নুরুল হক বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন আনুপাতিক হারে নির্বাচন চায়। এর মাধ্যমেই একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করা সম্ভব। বর্তমান পদ্ধতিতে ৩০০ আসনে ৩০০ জন এমপি নির্বাচিত হন। এই ৩০০ আসন নিয়ে হবে নিম্নকক্ষ, যাঁরা এলাকার উন্নয়নে কাজ করবেন। এর পাশাপাশি একটি উচ্চকক্ষ থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে, সেই হার অনুযায়ী উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। এই ব্যবস্থায় ছোট দলগুলোও সংসদে তাদের কথা বলার সুযোগ পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
জুলাই সনদ প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কোনো কার্যকর রূপরেখা পাওয়া যায়নি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে না থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।’