ধর্মীয় শিক্ষক হয়ে পবিত্র দায়িত্বের চরম অপব্যবহার করেছেন আসামি : আদালতের পর্যবেক্ষণ

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ উল্লেখের পাশাপাশি আবাসিক–অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন হয়রানি রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটাও জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্ষণের পর জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ড যে কারণে

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘আসামি একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হয়ে পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের এক অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করার মতো পৈশাচিক অপরাধের ক্ষেত্রে কোনো সহানুভূতি প্রদর্শনের অবকাশ নেই। আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিকল্প থাকলেও অপরাধের বীভৎসতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড অপর্যাপ্ত হওয়ায় আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়।’

জন্ম নেওয়া শিশুটির অধিকারের নির্দেশনায় আদালত উল্লেখ করেছেন, নবজাতক কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। সে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা (দণ্ডিত আসামি) ও মাতা—উভয়ের পরিচয়ে পরিচিত হবে। তার বিয়ে না হওয়া পর্যন্ত যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। সরকার পরবর্তী সময়ে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে।

আরও পড়ুন

শিশুদের সুরক্ষায় বিভিন্ন পরামর্শ

রায় ঘোষণার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন হয়রানি রোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন আদালত। রায়ের সামাজিক প্রেক্ষাপট ও পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, সাম্প্রতিক কালে আবাসিক–অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা শিক্ষকের দ্বারা যৌন হয়রানি, ধর্ষণসহ নানা যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করে।

আমান উল্লাহ মাহমুদী
ছবি: সংগৃহীত

আদালত বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সুস্পষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা নেই; তবে ২০০৯ সালে একটি মামলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশনাগুলো একটি গুরুত্বপূর্ণ আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কার্যকর করার জন্য বিবেচনার সময় এসেছে। পাশাপাশি শিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

মামলার এজাহারে কী ছিল

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি নেত্রকোনার মদনে নানার বাড়িতে থেকে আসামির প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। পরে শিশুটি অসুস্থ হয়ে গেলে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটি পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।

এজাহারের বিবরণ অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুখ বন্ধ রাখতে শিশুকে ৫০ টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে একইভাবে শিশুটিকে আরও তিন থেকে চার দিন ধর্ষণ করা হয়। শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে পরিবারটিকে হুমকি দেওয়া হয়।

নবজাতকের জন্ম ও ডিএনএ পরীক্ষা

গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তাঁর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়। ফরেনসিক পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

আদালতের আদেশে বলা হয়, আসামি, ভুক্তভোগী ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফল দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে ধর্ষণে জন্ম নেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ শিক্ষক আমান উল্লাহ মাহমুদী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর প্রথম আলোকে বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। ওই প্রতিবেদনের কারণে ধর্ষণের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর প্রায় ১০০ শতাংশ মিলে যায়।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ শুরু থেকেই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। ঘটনার পরপরই আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হয়। তদন্তের প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।