দৌলতখানে অবৈধভাবে সিলিন্ডার মজুত করায় দুই লাখ টাকা জরিমানা
ভোলার দৌলতখান পৌরসভার আবাসিক এলাকায় এলপিজি সিলিন্ডারের অবৈধ মজুত ও অগ্নিনির্বাপণব্যবস্থা না রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার এ আদালত পরিচালনা করেন।
ওই ব্যবসায়ীর নাম আইয়ুব আলী মুন্সি। তিনি দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার পুলিশ নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়িতে শতাধিক গ্যাস সিলিন্ডারের মজুত পাওয়া যায়। ওই ব্যবসায়ীর কোনো লাইসেন্স নেই। এ ছাড়া তাঁর বাড়িতে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র বা ব্যবস্থাও পাওয়া যায়নি।
ইউএনও বলেন, কোনো অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় সেখানে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। অধিক মুনাফার লোভে ওই ব্যক্তি অবৈধভাবে সিলিন্ডার মজুত করেছিলেন। তাঁর কোনো লাইসেন্সও ছিল না। এসব কারণে ওই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।