সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের গ্রেপ্তার-হয়রানি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকায় জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে এখন কেউই নিরাপদ নয়। গণতন্ত্রকে যেমন নির্বাসনে পাঠিয়েছে, ঠিক তেমন নিরপেক্ষ নির্বাচনকে গলাটিপে হত্যা করেছে। দিনের ভোট রাতে চুরি করে তারা ক্ষমতায় টিকে আছে। তাদের বিরুদ্ধে এখন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না। সরকার ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইন প্রণয়ন করে এখন গণমাধ্যম ও সাংবাদিকদের গ্রেপ্তারসহ হয়রানি করছে।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে নেত্রকোনা বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হকের বাড়ির প্রাঙ্গণে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক।

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানির নিন্দা জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকেরা এখন স্বাধীনভাবে লিখতে পারেন না। সাধারণ মানুষের কথা লিখতে গেলেও সরকার পুলিশ দিয়ে তাঁদের হয়রানি করে। প্রথম আলোর যে সাংবাদিক একজন খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরেছেন, তাঁকেও গ্রেপ্তার করেছে। সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ সময় তিনি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

আয়োজক কমিটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, সরকার এখন পুলিশি রাষ্ট্র কায়েম করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এখন আওয়ামী লীগের পাশাপাশি পুলিশ হামলা চালায়। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়ে গ্রেপ্তার করছে।

সভাপতির বক্তব্যে মো. আনোয়রুল হক বলেন, সরকার এখন আরেকটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু এ কথা স্পষ্ট, শেখ হাসিনার অধীনে দেশের জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন করতে দেবে না।