মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। গতকাল রোববার রাতে যশোরের মনিরামপুর উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের পাশেছবি: প্রথম আলো

যশোরের মনিরামপুরে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক নারী ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আবদুর রহমান। তাঁদের বাড়ি মনিরামপুরের হানুয়ার গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ফারুক হোসেন (৪০)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হানুয়ার গ্রামের প্রাণিচিকিৎসক বিল্লাহ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর শহরে গিয়েছিলেন ফারুক হোসেন। সেখানে ছেলেকে চিকিৎসক দেখিয়ে তাঁরা রাজগঞ্জ-পুলেরহাট সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন মৌসুমী।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে এগোনোর সময় পেছন থেকে মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফারুক, তাঁর স্ত্রী ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, মা ও ছেলের মাথায় আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছেন জানিয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।