সরকারকে পরীক্ষার জন্য সিটি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি: জি এম কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে জাতীয় পার্টি (জাপা) সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালে ব্যক্তিগত সফরে গিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি আমরা। এ জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি কেউ নির্বাচনে না আসতাম, তাহলে সরকার বলার সুযোগ পেত, সবাই নির্বাচনে এলে সঠিক নির্বাচন দিতাম।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব। এর মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব সাংগঠনিক ক্ষমতা ও নেতৃত্ব মূল্যায়ন করতে পারব। পাশাপাশি সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারব, তেমনি দেশবাসীও জানতে পারবে।’
বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নির্বাচনে সেনা মোতায়েন, ব্যালটে ভোট গ্রহণের দাবির বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমাদের প্রার্থী ঘোষণা করেছি। তবে তিনি অফিশিয়ালি মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক প্রার্থী হননি। প্রার্থী হিসেবে তিনি যে দাবি করবেন তা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে। আমরা সব সময়ই এমন রেওয়াজ দেখে আসছি।’
ইভিএম পদ্ধতিতে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘ইভিএমের ব্যাপারে আমরা বারবার বলেছি যে এই পদ্ধতির মাধ্যমে সরকার সব সময় হস্তক্ষেপ করে নির্বাচনকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ইভিএম সেটাতে সহায়ক হিসেবে কাজ করে। এটা নিয়ে মানুষের মনে একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। ইভিএম ভালো কি খারাপ, এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোমতো করতে পারলে হয়তো ভালো হতে পারত। কিন্তু ইভিএমের ওপর মানুষের আস্থা নেই। সরকার যদি সত্যিকার অর্থে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, তাহলে ইভিএমে ভোট না করাই ভালো বলে আমরা মনে করি।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য গোলাম কিবরিয়া, বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দরের সামনে জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জি এম কাদের।
পথসভায় বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা অংশ নেন। পথসভা শেষে জাপার মেয়র প্রার্থী ইকবাল হোসেনের বাসভবনে যাওয়ার সময় জি এম কাদেরের গাড়ির পেছনে থাকা মোটরসাইকেলের বহর নগরের প্রবেশদ্বার সিটি গেটে আটকে দেয় পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রুনা লায়লা বলেন, নির্বাচনের আচরণবিধি যাতে ভঙ্গ না হয়, সে জন্য নগরের প্রবেশদ্বারে মোটরসাইকেল বহর আটকে দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জি এম কাদেরের বরিশাল সফরসূচি পাওয়ার পর সিটি নির্বাচনের বিধিমালা প্রতিপালনের জন্য আগাম চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়বকে চিঠি পৌঁছে দেওয়া হয়। চিঠিতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য বিধিমালা যথাযথ প্রতিপালনের ব্যাপারে জানানো হয়।