তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস
‘গেরিলা হোলাইন রাখবি, কাম অইবো বিএনপি-জামাতের গোটা দশেক মারি হালাইবো’
‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’ মুঠোফোনে একজনকে এভাবেই নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ নির্দেশনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, মুঠোফোনে নির্দেশনা দেওয়া ব্যক্তি এ এইচ এম বিপ্লব। তবে এই অডিওটি তাঁর কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। এ ছাড়া জেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বিএনপি নেতা নুরুল ইসলামকে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এ এইচ এম বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে বের হয়ে আসেন। শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করেন রাষ্ট্রপতি।
ছড়িয়ে পড়া অডিওটিতে মামুন নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নির্দেশনা দেওয়া হয়। মামুনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে বিএনপি ও জামায়াত নেতাদের হত্যার পরিকল্পনার পাশাপাশি তাঁদের বাড়িঘরে আগুন দেওয়া ও হামলার পর অন্য দলের ওপর দায় চাপানোর নির্দেশনা দেওয়া হয়। মামুনকে উদ্দেশ করে বলতে শোনা যায়, যখনই দেখা যাবে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হচ্ছে, তখনই বিএনপি-জামায়াতের গোটা দশকে ব্যক্তিকে ধরে মারতে হবে। এর মধ্যে যেসব নাম বলা হয়েছে, তাঁর দু-চারজনকে ফেলে (হত্যা) দিতে দিতে হবে। কারণ, পরে আর এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের জন্য মাথা ঠান্ডা রেখে দূর থেকে বসে বসে এটি যেন করা হয়।
বিএনপি নেতা নুরুল ইসলামকে খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এ এইচ এম বিপ্লব ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে বের হয়ে আসেন। শিবির নেতা মহসিন ও কামাল হত্যা মামলার সাজাও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করেন রাষ্ট্রপতি।
জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হতে আগ্রহী জানিয়ে অডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, তাঁর জন্য মিছিল করা যাই কি না, দেখতে হবে। মিছিল বলতে, ব্যানারে তাঁর নাম থাকবে, শেখ হাসিনার নামও থাকবে। শিরোনাম থাকবে—শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু ও তাঁর বাবা আবু তাহেরর ছবি থাকবে।
অডিওর শেষ দিকে বলা হয়—দ্বিতীয় এবং স্থায়ী কাজ হলো পাঁচ-ছয়জন গেরিলা ছেলেপুলে প্রস্তুত করা, তাদের ‘স্টাবলিশ’ করে দেওয়া হবে। তাদের শুধু রক্তপিপাসু মানসিকতার হতে হবে। তবে মনটা থাকতে হবে নরম। মানুষের জন্য প্রেম থাকতে হবে, দলের শৃঙ্খলাও মানতে হবে।
অডিওর বিষয়ে জানতে এ এইচ এম বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হয়। তিনি কল রিসিভ করেননি। জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সালাহ উদ্দিন টিপু বর্তমানে পলাতক।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় হওয়া দুটি মামলায় বিপ্লবও আসামি। তাঁকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।