বাংলাবান্ধায় স্থলবন্দরে ট্যারিফের পাওনার দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কলমবিরতি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাড়ানো ৫ শতাংশ ট্যারিফের পাওনা টাকার দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। আজ বুধবার সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
বিকেল চারটা পর্যন্ত তাঁদের কলমবিরতি চলছিল। কর্মসূচির কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত ভারত ও ভুটান থেকে আসা গাড়ির পণ্য খালাস না হওয়ায় কিছুটা যানজট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সকাল থেকে বন্দরে কোনো আমদানি পণ্য থেকে রাজস্ব আদায় হয়নি। তবে আমদানি করা কাঁচামাল (আদা, পেঁয়াজ ও ফলজাতীয় পণ্য) ও রপ্তানি পণ্য কর্মসূচির আওতামুক্ত আছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক নিয়ন্ত্রণ ইজারাদার প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাঁরা ট্যারিফ শিডিউল অনুযায়ী লোডিংয়ের পাওনা ৫ শতাংশ হারে যা পাওয়ার কথা, সেটা সঠিকভাবে পাচ্ছেন না। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের আনুপাতিক হারে বর্ধিত ৫ শতাংশ টাকার ন্যায্য পাওনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন পাচ্ছে না। এতে তাঁরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্যই বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনার দাবিতে কলমবিরতির ডাক দেওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বন্দরের সেবার মান বাড়াতে যে ৫ শতাংশ ট্যারিফ বাড়ানো হয়েছে, সেখান থেকে শ্রমিকদের ও সিঅ্যান্ডএফ এজেন্টদের পাওনা ছিল। ইতিমধ্যে শ্রমিক নিয়ন্ত্রণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আফতাহী ট্রেড ইন্টারন্যাশনালকে (এটিআই) পণ্য ওঠানামার জন্য মেট্রিক টনপ্রতি ২ টাকা ৯৫ পয়সা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শ্রমিক নিয়ন্ত্রণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠিও দেওয়া হয়েছে। সেখান থেকে শ্রমিকেরা পণ্য ওঠানামা বাবদ ২ টাকা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট লোডিংয়ের রিটার্ন বাবদ ৯৫ পয়সা পাবেন। এরপর তো তাঁদের কলমবিরতি করার কথা নয়। তবে বন্দরে রপ্তানি কার্যক্রম সচল আছে বলে তিনি জানান।