ঈদের পরে দামে উল্লম্ফন

ঈদুল ফিতরের পরে রাজশাহীর বিভিন্ন বাজারে শাকসবজিসহ সব নিত্যপণ্যের দাম বেড়েছে। সরবরাহ কম হওয়ার অজুহাত ব্যবসায়ীদের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Uzzal Hossain

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু ইসলাম পেঁপে কিনতে চেয়েছিলেন। এক কেজির ওই পেঁপের দাম হাঁকানো হলো ৭০ টাকা। বেশি দাম হওয়ায় রাজু পেঁপে কিনলেন না। গতকাল রাজু নগরের বিনোদপুর বাজারে এসেছিলেন বাজার করতে। রাজু বলেন, ঈদের আগে তিনি পেঁপে কিনেছিলেন ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। সেই পেঁপের দাম দ্বিগুণের বেশি হয়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ব্যবসায়ী রায়হান হোসেন বলেন, তাঁদের কেনা পড়েছে ৫০ টাকার বেশি। দাম বাড়ার সঠিক কারণ জানেন না তিনি। শুধু জানান, সরবরাহ কম। রাজশাহীর বাজারে শুধু পেঁপে নয়, ঈদের আগে–পরে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। বিভিন্ন পণ্যের দাম ৭০ থেকে ১০০ শতাংশের বেশি বেড়েছে।

গতকাল রাজশাহী নগরের কয়েকটি কাঁচাবাজার ও মুদিদোকান ঘুরে দেখা গেছে, ঈদের পরে সবচেয়ে বেড়েছে আদা ও রসুনের দাম। ঈদের আগে রসুন ছিল ৮০ টাকা কেজি। এখন তা বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। আদা ছিল ১২০ টাকা, এখন বিক্রি হচ্ছে, ২৪০ টাকা দরে। একইভাবে ৩০-৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। বাজারে সবজির মধ্যে সবচেয়ে বেড়েছে পেঁপের দাম।

এ ছাড়া অন্যান্য সবজিও ৫ টাকা থেকে শুরু করে ১০ টাকা পর্যন্ত বেড়েছে গত এক সপ্তাহে। বাজারে সাদা আলু ৩৫ টাকা, লাল দেশি আলু ৫০ টাকা, ঝিঙা ৬৫-৭০, শসা ৮০-৯০, বেগুন ৪০-৫০, শজনে ডাঁটা ১২০, পটোল ৫০, বরবটি ৭০-৭৫, করলা ৭০, ঢ্যাঁড়স ৪০, মরিচ ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মিষ্টিকুমড়া, চালকুমড়া ও লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের সবচেয়ে বড় কাঁচাবাজার মণিচত্বর মাস্টারপাড়া বাজারে দেখা গেল , কাঁচা কাঁঠাল কেটে প্রতি খণ্ড ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কেউ কেজিতে কিনতে চাইলে ৫০ টাকা দর হাঁকা হচ্ছে।

মণিচত্বর মাস্টারপাড়া বাজারে ছুটির দিনে বাজার করছিলেন ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেন। ঈদের ছুটির পর একবার বাজার করেছিলেন। গতকাল আবার বাজার করতে এলেন। তিনি বলেন, বাজারের সবজির দাম তো বেড়েছেই। সবচেয়ে বেশি বেড়েছে আদা, রসুনের দাম। আলু, পেঁয়াজেরও দাম বেড়েছে। তাঁর চিন্তা—তাঁরই বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। যারা দিন এনে দিন খায়, তারা কী করবে। ডিমের দাম হালিতে বেড়েছে ৬ টাকা।

রাজশাহী কলেজের শিক্ষার্থী সাব্বির রহমান মেসের জন্য ডিম কিনছিলেন নগরের সাহেব বাজার এলাকার একটি দোকান থেকে। ওই এলাকায় দোকানগুলোতে ডিম পাইকারি দরেই বিক্রি হয়ে থাকে। সেখান থেকে ডিম কিনে পাড়া-মহল্লায় আরও এক-দুই টাকা বাড়তি দরে বিক্রি হয়ে থাকে। সাব্বিরকে প্রতি হালি লাল ডিম ৪৪ টাকা ও সাদা ডিম কিনতে হলো ৪০ টাকায়। সাব্বির বলেন, মেসে প্রতিদিন একবার করে ডিম খান তাঁরা। মাঝখানে ডিমের দাম ৩৬-৩৮ টাকা ছিল। আবার বেড়ে গেছে। দাম বেড়ে গেলে মেসে খাবারের মান কমাতে হয়।

রাজশাহীতে ঈদের ছুটি শেষে এখনো সব শিক্ষার্থী ফেরেনি। এরই মধ্যে দেখা যাচ্ছে, আড়তগুলোতে ডিমের সংকট। জে আর পি এন্টারপ্রাইজের মালিক মো. জয়নাল আবেদীন বলেন, ‘দেখেন না, আমাদের এখানে ডিমই নেই। খালি পড়ে আছে। ঈদের আগে সাদা ডিম ৩৬ টাকা ছিল, লাল ডিম ছিল ৩৮ টাকা। খামারিরা বলছেন, মুরগির ফিডের দাম বেড়ে গেছে।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বাজারের এই পরিস্থিতি বুঝতে হলে শক্তভাবে মনিটর করা দরকার। কৃষক পর্যায় থেকে একেবারে ভোক্তার কাছে আসা পর্যন্ত মনিটরিং হলে বোঝা যাবে কেন বাড়ছে। কারণ, গত কয়েক দিন আগে যে রসুন ছিল ৮০ টাকা কেজি, তা এই কয়েক দিনে তো দ্বিগুণ হওয়ার কথা না। তার মানে এর ভেতরে একটা নিয়ন্ত্রক আছে। এই নিয়ন্ত্রক বা সিন্ডিকেটকে ভেঙে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।