কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ
টিআরের ২৩৩টি প্রকল্পে ১ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার এবং কাবিখা কর্মসূচিতে ২৯টি প্রকল্পে ৭৪ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের হুলাপদ্মা গ্রামের সোহরাব হোসেনের বাড়ির সামনে ইট দিয়ে নির্মিত সড়কটি ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয়। চলাচলের অনুপযোগী এ সড়ক সংস্কারে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অনুকূলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সংস্কার না করেই টাকা তুলে নেওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট লোকজন ও এলাকাবাসীর অভিযোগ, এভাবে সংসদ সদস্যের নামে কাবিখা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) অনেক প্রকল্পের বেশির ভাগ কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় নয়টি প্রকল্প এলাকা ঘুরে দেখে এসব তথ্যের সত্যতা মিলেছে।
এসব অভিযোগের জানতে চাইলে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প দিয়ে থাকি। এগুলো দেখার দায়িত্ব আমাদের না। এগুলো বাস্তবায়ন করেন পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)। কাজ করে না থাকলে এরকম লাখ লাখ ঘটনা আছে। আমি আর কোনো প্রকল্প দেওয়া বন্ধ করে দিয়েছি, এবার আর দেই নাই।’ কাজ না করে টাকা তুলে নেওয়ার বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘এটা পিআইওকে জিজ্ঞেস করেন। এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব তাঁদের।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে, নির্দিষ্ট করে তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করতে পারি।’
বরগুনা জেলা ও সদর উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের অনুকূলে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে তিন ধাপে টিআর কর্মসূচির ২৩৩টি প্রকল্পে ১ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা এবং কাবিখা কর্মসূচিতে দুই ধাপে ২৯টি প্রকল্পের ৭৪ লাখ ৯০ হাজার ৯২৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় তিন ধাপে টিআর কর্মসূচির ১৮২ প্রকল্পে ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩৩ টাকা, আমতলীতে তিন ধাপে টিআরের ২২ প্রকল্পে ৪৪ লাখ ৮৩ হাজার ১৬৬ টাকা এবং তালতলীতে তিন ধাপে টিআরের ২৯ প্রকল্পে ৩৪ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাবিখার ২৯টি প্রকল্পের সব কটি বরগুনা সদর উপজেলায়।
বরগুনা সদর উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনের সড়কের গর্ত মেরামতের জন্য তৃতীয় পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মনির হোসেন। সরেজমিনে দেখা গেছে, কয়েক মাস আগে উপজেলা পরিষদের নতুন ভবন করার সময় রাস্তাটি কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ওই সড়কে কোনো গর্তই ছিল না। গর্ত দেখিয়ে প্রকল্পের সভাপতির মাধ্যমে এই টাকা তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন আত্মসাৎ করেছেন।
মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু সই দিয়েছি। নাসির উদ্দীন স্যার চেকের টাকা উঠিয়ে নিয়ে গেছেন।’ নাসির উদ্দীন বলেন, ‘বরাদ্দের বিষয়ে আমি কিছুই জানি না।’
সদর উপজেলা টিআর ও কাবিখা কর্মসূচির দুটি প্রকল্পের সভাপতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দীন। এ দুটি হলো বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সরকারি মসজিদসংলগ্ন পুকুর খননের ২ লাখ ৩১ হাজার টাকার প্রকল্প এবং বুড়িরচর ইউনিয়নের সোনাখালী পাকা সড়কের মাথা থেকে চরকগাছিয়া স্লুইসগেট পর্যন্ত সড়ক মেরামতের ৫ লাখ ৩২ হাজার টাকার প্রকল্প। প্রথমটিতে পুকুর খনন না করে বিল তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রকল্পের বিষয়ে সোনাখালী এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আমাদের রাস্তার মাঝখান দিয়ে নামমাত্র কাজ করে সম্পূর্ণ বিল উঠিয়ে নেওয়া হয়েছে।’ বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির একই কথা বলেন।
দুটি প্রকল্পের মো. নিজাম উদ্দীন বলেন, ‘প্রকল্পের টাকা আমার নামে বরাদ্দ হলেও কাজ করিয়েছেন ঠিকাদার আবুল হোসেন।’ সোনাখালী সড়কের বিষয়ে নিজাম উদ্দীন বলেন, ‘কাজ না করলে রিপোর্ট করে দেন।’ ঠিকাদার আবুল হোসেন বলেন, এই পুকুরে খননের বরাদ্দ দিয়ে পুকুরের তলদেশের নরম মাটি উঠিয়ে গাইড ওয়ালের চারপাশ ভরাট করা হয়েছে।
সদরের বদরখালী গ্রামের বাদল খানের বাড়ি থেকে দক্ষিণ দিকে রুহুল আমিন খানের বাড়ি পর্যন্ত মাটির সড়ক মেরামত প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। তবে সড়কের কোনো কাজ হয়নি। বদরখালী গ্রামের বাসিন্দা বাদল খান বলেন, ‘আমাদের কাছ থেকে টাকা নিয়ে সড়কের অল্প জায়গায় মাটি ফেলা হয়েছিল।’ এই প্রকল্পের সভাপতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
সদর উপজেলায় কাবিখা প্রথম পর্যায়ে নলটোলা ইউনিয়নে একটি প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকির হোসেন ওরফে শাহ আলম।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, নলটোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হুলাপদ্মা সোহরাবের বাড়ি সলিং সড়ক থেকে পশ্চিমে পদ্মা খালের সাঁকো পর্যন্ত সড়ক মেরামতের উল্লেখ থাকলেও কোনো কাজ করা হয়নি। হুলাপদ্মা গ্রামের বাসিন্দা মো. লিটন বলেন, ‘আমাদের এই রাস্তায় কোনো কাজ হয়নি।’ প্রকল্প সভাপতি জাকির হোসেন বলেন, ‘টাকা দেরিতে ছাড়া হয়েছে। আমরা কাজ শুরু করব।’ কাজ না করিয়ে বিল তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এমপি সাহেব বলে দিয়েছেন।’
বরগুনা সদরের পিআইও জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাজ না করিয়ে টাকা তুলে নেওয়ার এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলীতে টিআর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আমতলী পৌর শহরে নূরজাহান ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় তিন লাখ টাকা। সেখানে গিয়ে জানা যায়, ক্লাবের কোনো উন্নয়ন হয়নি। প্রকল্পের সভাপতি আমতলী পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘এই প্রকল্পের সভাপতি যে আমি, তা জানি না।’
আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নের জন্য টিআর দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দেওয়া হয়েছিল তিন লাখ টাকা। প্রকল্পের সভাপতি আমতলী পৌরসভায় কাউন্সিলর মাকসুদা বেগম দাবি করেন, মাঠের উন্নয়নের কাজ করানো হয়েছে। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর চন্দ্র হাওলাদার বলেন, পাঁচ থেকে সাত বছরে এই মাঠের কোনো কাজ হয়নি।
আমতলীর পিআইও জামাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প দুটির কাজ করানো হয়েছে। কাজ না হলে আমরা বিল দিলাম কীভাবে?’
তালতলী উপজেলার পঁচাকাড়ালিয়া ইউনিয়নের তামাতু টিলারসংলগ্ন এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য টিআর প্রকল্পে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ওই এলাকায় তামাতু টিলা নামের কোনো স্থাপনার অস্তিত্ব নেই বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সদ্যবিদায়ী তালতলীর ইউএনও এস এম সাদিক তানবীর প্রথম আলোকে বলেন, ওই প্রকল্পের টাকা জমা রাখা হয়েছে। পরে কাজ করানো হবে। অস্তিত্বহীন প্রকল্পের কোথায় কাজ করাবেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কাজ করাতে না পারলে টাকা ফেরত পাঠানো হবে।