লোহাগাড়ায় মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস জানায়, রাতে একাধিক গাড়ির চাপায় ওই ব্যক্তির লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মহাসড়কে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে জানান। এরপর লাশটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে। মহাসড়ক পারাপারের সময় তিনি গাড়িচাপায় নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র আজ রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধারের পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।