গাজীপুরের শ্রীপুর
নদের জায়গায় ইউপি কার্যালয়ের প্রাচীর
স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা, জায়গাটুকু ভবিষ্যতে নিজের দখলে নিয়ে নেবেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান।
গাজীপুরের শ্রীপুরে বানার নদের পাড়ঘেঁষে একটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। জমিটি নদের বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। স্থানীয় ব্যক্তিরা বলছেন, ইউপির নামে ওই জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করে ভবিষ্যতে তা নিজের করে নিতে পাঁয়তারা করছেন চেয়ারম্যান।
নির্মাণকাজটি চলছে গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে বানার নদের পাড়ে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গোসিংগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব দিকের অংশটি বানার নদের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এরপর নদের পাড় শুরু। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব দিকের শেষ প্রান্তে নদের জায়গায় পাড়ের সমান্তরাল করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের প্রাচীর নির্মাণ শেষ হয়েছে। শ্রমিকেরা দেয়াল নির্মাণের কাজে ব্যস্ত।
ছবি তুলতে দেখে স্থানীয় কয়েকজন এই প্রতিবেদকের দিকে এগিয়ে আসেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, উদ্দেশ্যমূলকভাবে নদের জায়গায় প্রাচীর তুলছেন গোসিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান ওরফে শাহীন মোড়ল। জায়গাটুকু ভবিষ্যতে তিনি নিজের দখলে নিয়ে নেবেন বলে স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা।
গোসিংগা এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, যেখানে দেয়াল নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটুকু দুই বছর আগেও বর্ষায় পানির নিচে থাকত। জেলেরা সেখানে মাছ শিকার করতেন। কিন্তু দুই বছর ধরে নদে পানি কম আসায় দেখতে কিছুটা ডাঙ্গার মতো মনে হয়। এটি নদের জায়গা। ওই ইউনিয়নের লতিপুর গ্রামের বাসিন্দা মনিরুল হাসান বলেন, ‘নদের জায়গায় এভাবে স্থাপনা নির্মাণ করলে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এ ক্ষেত্রে কাউকে কিছু বলতে দেখলাম না।’
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সার্ভেয়ার পাঠিয়ে আমরা জায়গাটিকে নদের বলে শনাক্ত করেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অফিসে আসতে বলা হয়েছে। তাঁকে এটি নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলব। অথবা আমরা স্থাপনা উচ্ছেদ করব। নদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।’
গোসিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমানের ভাষ্য, পরিষদ ভবনের বারান্দা, আশপাশসহ সামনের জায়গায় কাঁচাবাজার বসে। এতে ইউনিয়ন পরিষদের সমস্যা হয়। মাটি ভরাট করলে কাঁচাবাজারটি সেখানে বসানো হবে। এ ছাড়া বাজারের ভেতর থেকে নদের পাড়ে নামার জন্য এই জায়গা একটি রাস্তা হিসেবে ব্যবহার করা হবে।
প্রথম আলোকে ছাইদুর বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইউএনও সাহেব ও ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে বলেছেন, ইউনিয়ন পরিষদের পেছনের বাউন্ডারি থেকে আরও কিছু অংশসহ ওয়াল তৈরি করে মাটি ভরাট করাতে। এই জায়গা আমি দখলে নিয়ে কী করব। আমি আজ আছি, চার বছর পরে না–ও থাকতে পারি। এতে আমার স্বার্থ নেই।’
নদের তীর ঘেঁষে প্রাচীর নির্মাণ করতে গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। গত বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, ‘চেয়ারম্যান আমাকে প্রাচীর নির্মাণের কথা বলেননি। তিনি বলেছিলেন ইউনিয়ন পরিষদের জায়গা লাগোয়া অংশে মানুষের চলাচলের জন্য ঘাটের মতো তৈরি করবেন। নদের জায়গায় প্রাচীর করে থাকলে তা ভেঙে দেওয়া হবে। নদের জায়গা নদের থাকবে।’