শিবচরে ঘরের আলমারি থেকে পুরোনো গ্রেনেড উদ্ধার

যার ঘরের আলমারিতে গ্রেনেডটি পাওয়া গেছে, তিনি পুলিশের কাছে দাবি করেছেন, পুকুর খনন করতে গিয়ে এটি পেয়েছেন তিনি। পরে ঘরের আলমারিতে রেখে দেন
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার এক ব্যক্তির ঘরের আলমারি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারচর এলাকার কৃষক জয়নাল আবেদিনের ঘরের আলমারির মধ্যে একটি গ্রেনেড রাখা আছে—এমন খবরের ভিত্তিতে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার হালদার একটি দল নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পরে আলমারির ভেতর তল্লাশি চালিয়ে একটি পুরোনো গ্রেনেড উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদিন পুলিশকে জানিয়েছেন, পুকুর খনন করতে গিয়ে তিনি গ্রেনেডটি পান। পরে এটি ঘরের আলমারির ভেতর রেখে দেন। দুই ইঞ্চি লম্বা গ্রেনেডটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো ও মরিচা ধরা। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গ্রেনেডটি বহুদিনের পুরোনো। এখানে কীভাবে এল বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

ওসি আরও বলেন, ‘গ্রেনেডটি সচল আছে কি না, তা বিশেষজ্ঞ দল ছাড়া বলা যাবে না। গ্রেনেডটি পরীক্ষার জন্য পুলিশের বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হবে।’