ফরিদপুরে দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে সংসদ সদস্য প্রার্থীর মোটরসাইকেল চুরি
ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হাসানের (৩৬) মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বৃন্দাবনের মোড় এলাকার বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
মো. নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী। তিনি ফরিদপুর আদালতে কর্মরত। নাজমুল ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। লিখিত অভিযোগে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তাঁর ফরিদপুর শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে আদালতে যান। বেলা তিনটার দিকে ফিরে এসে তিনি গ্যারেজে মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।
ফুটেজে দেখা গেছে, মুখে কালো মাস্ক পরা একজন যুবক দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে বাসার নিচের গ্যারেজে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে যান। এ কাজ তিনি মাত্র ৩৬ সেকেন্ডে সম্পন্ন করেন।
এ ব্যাপারে মো. নাজমুল হাসান বলেন, ‘আমি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছি। সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। আমি আশা করি, পুলিশ দ্রুত ওই চোরকে ধরাসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি আমাদের কাছে একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হয়েছে। এরা দীর্ঘদিন একটি কাজের ওপর নজর রেখে এরপর এসব অপারেশন করে থাকে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি, খুব দ্রুততম সময়ে আমরা চোরকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারব।’