বস্তা থেকে সাপ বের করছিলেন, হঠাৎ ছোবলে সাপুড়ের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত লগেন হাসদার বাড়ি ওই গ্রামে। তিনি এলাকায় সাপ ধরা ও খেলা দেখানো এবং সাপে কাটা রোগীর চিকিৎসা করতেন।

মৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছান মো. ছালাহ উদ্দিন জানান, লগেন হাসদা প্রায় ৩০ বছর ধরে এলাকায় সাপ বিক্রি করতেন ও খেলা দেখাতেন। আজ সকাল ১০টার দিকে তিনি পাশের গ্রামে সাপের খেলা দেখানোর জন্য নিজ বাড়িতে বস্তা থেকে সাপ বের করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পরে লগেন হাসদার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লগেন হাসদার মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সাপের কামড়ে লগেন হাসদা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সৎকারের জন্য তাঁর পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।