চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক আসনে লড়বেন ৪৯ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর মোট আবেদন ফি জমা দিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। সে হিসাবে এখানে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪৯ জন।
৪ জানুয়ারি থেকে এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার রাত ১২টা। আর গতকাল শনিবার রাত ১২টায় আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। যাঁরা আবেদন ফি জমা দিয়েছেন, তাঁরাই চূড়ান্তভাবে পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
গতকাল রাতে প্রথম আলোকে এ বিষয় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, ২৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা তাঁদের আবেদন সংশোধন করতে পারবেন।
এ ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপিও নেওয়া যাবে। এ ক্ষেত্রে ৩০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
এ বছর মোট আবেদন করেছিলেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন। তবে এর মধ্যে ১১ হাজার ১১৪ শিক্ষার্থী আবেদন ফি জমা দেননি। তাই মোট ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।
প্রতিবছরের মতো এ বছরও চারটি ইউনিট ও দুটি উপইউনিটে পরীক্ষা হবে। এগুলো হলো ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিট এবং ‘বি-১’, ‘ডি-১’ উপইউনিট। এসব ইউনিট মিলিয়ে মোট আসন ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।
#কোন ইউনিটে কত পরীক্ষার্থী
‘এ’ ইউনিটের অধীন রয়েছে চারটি অনুষদ—বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ২১৫টি। এই ইউনিটে মোট আবেদন ফি জমা দিয়েছেন ৯৯ হাজার ৫২১ জন। সে হিসাবে এক আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ৮২ জন।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ আসন ১ হাজার ২২১টি। এই ইউনিটে আবেদন ফি জমা দিয়েছেন ৬৫ হাজার ২৬৭ জন। এক আসনের বিপরীতে এই ইউনিটে লড়বেন প্রায় ৫৩ জন শিক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৬৪০টি। এই ইউনিটে মোট আবেদন ফি জমা দিয়েছেন ১৭ হাজার ৩০০ জন। এই ইউনিটে আসনপ্রতি পরীক্ষার্থী প্রায় ২৭ জন।
‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৯৫৮টি। এই ইউনিটে আবেদন ফি দিয়েছেন ৫৭ হাজার ৮০৪ জন। সে হিসাবে এক আসনের বিপরীতে এই ইউনিটের পরীক্ষার্থী ৬০ জন।
এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে আসন রয়েছে ৩০টি। এতে আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৯৯৪ জন। এখানে আসনপ্রতি পরীক্ষার্থী ৬৬ জন।
অন্যদিকে নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপইউনিটে আসন রয়েছে ১২৫টি।
এই উপইউনিটে আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৬৬৯ শিক্ষার্থী। এতে আসনপ্রতি পরীক্ষার্থী ১৩ জন৷
# পরীক্ষার সূচি
আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৭ মার্চ ‘সি’ ইউনিট, ৮ মার্চ ‘বি’ ইউনিট ও ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ‘বি-১’ ও ‘ডি-১’ উপইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে।