মেহেরপুরে মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠের মধ্যে কাজ করার সময় মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

হায়দার আলী উপজেলার সাহারবাটি কড়ুইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে। এ সময় কদম আলী (৫০), আলিমুদ্দীন (৫৫), মাসুম (২২), ফজলুল হক (৪২) ও আইয়ুব আলী (৬১) নামের আরও পাঁচ শ্রমিক আহত হন। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রমিকেরা জানান, হায়দার আলী তাঁর লাউখেতে সেচ দিচ্ছিলেন। জমির পাশে থাকা অর্ধশত বছরের পুরোনো বটগাছে একটি মৌমাছির চাক তৈরি হয়েছে। ওই মৌচাকে বারবার হানা দিচ্ছিল হলুদ পাখি। এ অবস্থায় হঠাৎ মৌমাছিরা ধেয়ে আসে মাঠে কাজ করা শ্রমিকদের দিকে। তখন মৌমাছির দল হায়দার আলীসহ অন্য শ্রমিকদের কামড় দেয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত কদম আলী জানান, তাঁরা গ্রামের বেশ কয়েকজন সাহারবাটি খালের পাড়ে কৃষিজমিতে কাজ করছিলেন। তখন মৌমাছির দল এসে তাঁদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে হায়দার আলী অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবির হোসেন বলেন, মৌমাছির কামড়ে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বাকি চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।