সুনামগঞ্জে ২৯ মে থেকে পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সুনামগঞ্জ-সিলেট সড়কে চাঁদাবাজি বন্ধ করা ও শ্রমিকদের মারধরের বিচারের দাবিতে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার দুপুরে শহরে বাস টার্মিনালে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, ২৮ মের মধ্যে দাবিদাওয়া না মানলে পরদিন পরিবহন ধর্মঘট শুরু হবে।

সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, গত ১৬ এপ্রিল মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর সুনামগঞ্জ-সিলেট রুটে বাস চলাচলে চাঁদাবাজি ও শ্রমিক মারধর বন্ধে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। কিন্তু দাবি বাস্তবায়িত না হলে ৩ মে তাঁরা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন। এ সময় দাবিগুলো পূরণে পুলিশের আশ্বাস এবং এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন। তবে পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। নুরুল হক বলেন, ২৮ মের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে পরদিন সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় পরিবহনশ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকজনের ঝগড়া হয়। এ সময় সেখানে শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করা হয়। পরে শ্রমিকদের পক্ষ থেকে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়, কিন্তু ওই মামলা তদন্তে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা গাফিলতি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ ঘটনায় উল্টো শ্রমিকদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মামলাটিকে মিথ্যা উল্লেখ করে সেটি প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদের পক্ষ থেকে করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া।