সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আজ বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি-জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন রফিক সরকার (বিএনপি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম।
তবে বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন করায় আওয়ামীপন্থীসহ অন্য আইনজীবীরা এই নির্বাচনে অংশ নেননি এমন অভিযোগ উঠেছে।
অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত সভাপতি রফিক সরকার বলেন, গত ৩১ ডিসেম্বর আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩টি ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। আজ ২২ জানুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন সভাপতি পদে ম কামরুজ্জামান (জাপা), সাধারণ সম্পাদক পদে আবদুল হামিদ (বিএনপি), আমিনুল ইসলাম (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুজাহিদ বিন রহমান (জাপা) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ অবস্থায় প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী প্যানেলকেই বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
সিরাজগঞ্জ আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার কায়ছার আহমেদ প্রথম আলোকে বলেন, ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় তাঁদের সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়। কী কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ নেননি, সেটি ভিন্ন বিষয়। তবে আইন মেনেই এই ফলাফল ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।