কুলাউড়ায় কলেজশিক্ষিকাকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকালে লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে রাখেন
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষিকা নাজমা বানুকে মারধরের প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ক্লাস বর্জন করে শিক্ষাথীরা মিছিল বের করেন। এ সময় তাঁরা প্রায় দুই ঘণ্টা কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে রাখেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে নাজমা বানু ও তাঁর স্বামীকে তাঁদের বাড়িওয়ালা রাশেদ চৌধুরী মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নাজমা বানু লংলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক। তাঁর স্বামী আবদুল মতলিব কুলাউড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা। তাঁরা দুই সন্তানকে নিয়ে কলেজের সামনে মুদিপুর এলাকার একটি ফ্ল্যাটে প্রায় ছয় বছর ধরে ভাড়া থাকেন। সম্প্রতি বাড়িটি মালিকপক্ষের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যায়। এরপর ওই বাড়ির একাংশের মালিক রাশেদ চৌধুরী শিক্ষিকা নাজমা বানুর ফ্ল্যাটের পানির লাইন বন্ধ করে দেন। একাধিকবার লাইন খুলে দেওয়ার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। এ পরিস্থিতিতে নাজমা ও তাঁর স্বামী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাশেদ তাঁদের ফ্ল্যাটে যান। এ সময় পানির লাইন বন্ধ করা নিয়ে বিচার চাওয়ার বিষয়ে রাশেদ ও শিক্ষিকার পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ক্ষিপ্ত হয়ে আবদুল মতলিবকে মারধর শুরু করেন। বাধা দিতে গেলে নাজমাকেও রাশেদ মারধর করেন। এতে নাজমার মাথা ফেটে যায়। পরে প্রতিবেশীরা নাজমা ও তাঁর স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রাতে আবদুল মতলিব বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে শিক্ষিকাকে মারধরের খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আজ সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা কুলাউড়া-রবিরবাজার সড়কে অবরোধ করেন। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে রাশেদ চৌধুরী মুঠোফোনে বলেন, গতকাল রাতে নাজমা ও তাঁর স্বামী পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন। তিনি সেখানে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা চালান। তবে পানির লাইন বন্ধ করা ও মারধরের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক প্রথম আলোকে বলেন, ‌শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।