পিটিয়ে মারা হলো দুর্লভ প্রজাতির হিমালয়ান গন্ধগোকুল, ভিডিও দেখে তদন্তে বন বিভাগ
খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্লভ প্রজাতির একটি বিপন্ন হিমালয়ান গন্ধগোকুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে মৃত প্রাণীটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা।
আজ রোববার সকালে ঘটনাস্থল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি নতুন পাড়া এলাকা পরিদর্শন করেছেন বন কর্মকর্তারা। বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, বিপন্ন ও বিরল গন্ধগোকুলটি হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এলাকার বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর এটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা জানতে পারি। বিষয়টি নজরে আসার পর আমরা কমলছড়ি নতুন পাড়ায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। তবে যাঁরা শিকারের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদের পাইনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা হয়েছে।’
বন্য প্রাণী গবেষকেরা জানান, হিমালয়ান সিভিট বা গন্ধগোকুল একটি বিপন্ন প্রাণী। এরা হিমালয়ী বাঘডাশ বা খাটাশ নামেও পরিচিত। মুখে মুখোশের মতো দাগ থাকায় এদের মুখোশধারী গন্ধগোকুলও বলা হয়। এরা নিশাচর ও লাজুক প্রকৃতির। গাছের ডালে থেকে রাতে ফলমূল, ইঁদুর ও পাখি শিকার করে। বিপন্ন এই প্রজাতি হিমালয় অঞ্চলের দেশ ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিরসবুজ বনে পাওয়া যায়। বনের বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় এটি বড় ভূমিকা পালন করে।
এ প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, হিমালয়ান গন্ধগোকুল একটি দুর্লভ প্রাণী। এটি বাংলাদেশের বন্য প্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি।