লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের কারাদণ্ড
লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রওশন আলম এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত দুজন আদালতে উপস্থিত ছিলেন।
ওই ইউপি চেয়ারম্যানের নাম হুমায়ুন আহমেদ (কবির)। তিনি আদিতমারী উপজেলার সারপুকুর ইউপির চেয়ারম্যান। অন্যজন হলেন সারপুকুর ইউনিয়নের সরল খা গ্রামের বাসিন্দা সেকেন্দার আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জিন্নাত আরা ফেরদৌসী বলেন, ২০১২ সালের ১৬ মে একটি ভুট্টাবোঝাই পিকআপ ভ্যানে করে লালমনিরহাট শহর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন হুমায়ুন আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পিকআপটিতে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হুমায়ুন আহমেদ ও তাঁর সহযোগী সেকেন্দার আলীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল দুপুরে রায় ঘোষণা করেন। বিকেলে দণ্ডপ্রাপ্ত দুজনকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।