কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দুয়া পৌরসভা বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডানে) এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (বামে)
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা বিএনপির সভাপতি খোকন আহমেদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্তত ৯ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে গতকাল রাত আটটার দিকে পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদকে তাঁর নিজ বাসার সামনে থেকে পুলিশ আটক করে। প্রায় একই সময় হাসপাতাল রোড আদমপুর এলাকার নিজ ওষুধের দোকান থেকে কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আটক হন। এরপর বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন নেতা–কর্মীকে আটক করা হয়।

আটক হওয়া অন্য নেতা-কর্মীরা হলেন, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা সাদ্দাম হোসেন, আঞ্জু মেম্বার ও মো. মাসুদ মিয়া।

পুলিশ বলছে, এসব নেতা-কর্মী আশুজিয়ার বীরগঞ্জ বাজারে সরকারবিরোধী বক্তব্য দিচ্ছিলেন। এ ছাড়া লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ করে নাশকতাসহ জনমনে আতঙ্ক তৈরি করেছিলেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে মামলা করেন।

নেতা–কর্মীদের আটকের ঘটনায় জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ (গতকাল শুক্রবার রাত) বিনা কারণে গায়েবি মামলা দেখিয়ে নয়জন নেতা-কর্মীকে পুলিশ বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তি চাই।’

রফিকুল ইসলাম হিলালী আজ শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো ঘটনা ছাড়া মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। এভাবে রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করে বিএনপিকে প্রতিহত করা যাবে না।’

এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন আজ শনিবার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, এসব নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা নেতা-কর্মীদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।