মামলার শুনানির আগেই রায়ের কপি বিবাদীকে সরবরাহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার মানচিত্র

শুনানির নির্ধারিত তারিখের আগেই জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলা নিষ্পত্তির রায়ের কপি বিবাদী মাহবুবুর রহমানকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কপিতে শুনানির তারিখ গত ১০ মার্চ দেখানো হয়েছে। অথচ মামলাটি শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এ ঘটনায় ওই মামলার বাদী মো. আজাহার উদ্দীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেছেন। এ মামলায় মাহবুবুর রহমানসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী উজ্জ্বল হোসেন ও সংশ্লিষ্ট আদালত সূত্র এসব জানিয়েছে।  

জানতে চাইলে আইনজীবী উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, মামলাটি শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য রয়েছে। অথচ এর আগেই রায় হয়েছে মর্মে কপি বিবাদীকে সরবরাহ করা হয়েছে। আদালতে এ রায় নিয়ে যা কিছু করা হয়েছে, তা জালিয়াতির মাধ্যমে।

রায়ের জন্য অপেক্ষমাণ মামলার সংক্ষিপ্ত বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কোড়লগাড়ী গ্রামের ফয়েজ উদ্দিন ওয়াক্ফ এস্টেটে মাহবুবুর রহমানকে মোতোয়ালি নিয়োগ দেয় ওয়াকফ প্রশাসক। মাহবুবুর রহমান ফয়েজ উদ্দিনের দূরসম্পর্কের আত্মীয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ফয়েজ উদ্দিনের নাতি আজাহার আলী হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট আজাহার আলীর পক্ষে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে মোতোয়ালি মাহবুবুর রহমান আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ ২০১৭ সালের ২ নভেম্বর লিভ টু আপিল খারিজ করে দেন। একই সঙ্গে রিট মামলার বাদী আজাহার আলীকে বিবাদীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে মিস আপিল মামলা করার পরামর্শ দেন আদালত।

পরে মামলার বাদী জজ আদালতে মিস আপিল মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালত ওই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে পাঠান। ২০২১ সালের ১০ অক্টোবর জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালত মিস আপিলের মামলার নথি পান। চলতি বছরের ২০ মার্চ আদালত মামলার পরবর্তী শুনানির দিন ২৩ আগস্ট ধার্য করেন। ওই দিন বাদী আজাহার আলী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। এরপর আদালত তারিখ পরিবর্তন করে পরবর্তী শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন।

অথচ ওই আদালত থেকে গত ১০ মার্চ ২৩ পাতার একটি রায়ে বিচারকের স্বাক্ষরসহ তার জাবেদা কপি মামলার বিবাদী মাহবুবুর রহমানকে সরবরাহ করা হয়। মাহবুবুর রহমান রায়ের কপি বাদী আজাহার আলীকে দেখান। আজাহার আলী ইনফরমেশন স্লিপের মাধ্যমে মামলাটি চলমান থাকার কথা জানতে পারেন। এরপর তিনি মামলার রায় জালিয়াতির অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত ১০ মার্চ আদালত মিস আপিলের রায় দিয়েছেন। ওই রায় আমার পক্ষে এসেছে। পরে আমার আইনজীবী আবু তালেবের মাধ্যমে ওই আদালত থেকে রায়ের জাবেদা নকল তুলেছি। এর ফটোকপি মামলার বাদীসহ বিভিন্ন দপ্তরে আমি নিজেই পৌঁছে দিয়েছি। এখন শুনছি, রায় জালিয়াতির অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য থাকলে সেই রায় ১০ মার্চ কীভাবে দেন, জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘সেটা আদালতের বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’

বিবাদীর আইনজীবী আবু তালেব বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘জাবেদা নকল ওঠানোর জন্য আদালতে আবেদন (পিটিশন) করার বিষয়টি আমার জানা নেই। ওই আবেদনে আমার নামে যে সই দেওয়া রয়েছে, তা আমার নয়।’

মামলার বাদী আজাহার আলী বলেন, ‘মামলা নিষ্পত্তির আগে রায়ের কপি হাতে পেয়ে আমি অবাক। মামলা চলমান রয়েছে, এটাই জানি। শুনানির দিনে হাজিরাও দিয়েছি। পরদিন আদালতে গিয়ে আমার আইনজীবীকে ওই রায়ের কপি দিই এবং এমন জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করি।’

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, যাঁরা এই জালিয়াতির সঙ্গে জড়িত, তাঁদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাঁদের শাস্তির বিধান রয়েছে।