গদখালী ফুলের বাজার
কাজে আসছে না কোটি টাকার বিপণনকেন্দ্র
নীতিমালা জটিলতার কারণে ১১ মাসেও চালু হয়নি বিপণনকেন্দ্রটি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সড়কের ওপর ফুল কেনাবেচা করেন চাষি ও ব্যবসায়ীরা।
কাকডাকা ভোরে ফুল বেচতে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে গদখালী পাইকারি ফুলের মোকামে ছোটেন ফুলচাষিরা। সাইকেল, মোটরসাইকেল বা ভ্যানে ফুল নিয়ে ব্যস্ততম মহাসড়কের ওপর দাঁড়িয়েই ফুল বিক্রি করতে হয় তাঁদের। এতে একদিকে মহাসড়কের গদখালী অংশে যানজট তৈরি হয়। অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন ফুলচাষি ও ব্যবসায়ীরা।
ফুলের ন্যায্যমূল্য নিশ্চিত ও সড়কে ফুল কেনাবেচার ঝুঁকি নিরসনে কৃষি বিপণন অধিদপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে ঝিকরগাছা উপজেলার গদখালীতে ২১ শতক জমির ওপর গদখালী ফুল বিপণন কেন্দ্র (অ্যাসেম্বল সেন্টার) নির্মাণ করা হয়। কিন্তু নীতিমালাসংক্রান্ত জটিলতায় ১১ মাসেও চালু করা যায়নি।
গদখালী ফুল মোকামের ইজারাদার সেলিম রেজা বলেন, চলতি বছর গদখালী বাজারের ইজারামূল্য হিসেবে সরকারকে ৪ লাখ ৬০ হাজার টাকা দিতে হচ্ছে। কিন্তু বাজারে চাষি ও ব্যবসায়ীদের কোনো সুযোগ-সুবিধা নেই। জায়গা কম থাকায় চাষিদের সড়কের ওপর ফুল কেনাবেচা করতে হয়। তিনি বলেন, ‘আমরা নবনির্মিত বিপণনকেন্দ্রটি দ্রুত চালু করতে কৃষি বিপণন কর্মকর্তা ও প্রশাসনকে বারবার বলছি। কিন্তু সমাধান পাচ্ছি না।’
কৃষি বিপণন অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা গেছে, চাষিদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, প্রশিক্ষকদের মাধ্যমে আয় ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে যশোরে দুটি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ঢাকার সাভারে একটি করে মোট পাঁচটি বিপণনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এ জন্য অংশীদারত্বের ভিত্তিতে ৩০ বছরের চুক্তিতে সংশ্লিষ্ট জেলার জমির মালিক ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা সই হয়। সূত্র জানায়, সমঝোতা অনুযায়ী গদখালী এলাকার মিজান বাঙ্গালীর কাছ থেকে ২১ শতক জমি নেওয়া হয়। ওই জমিতে ৯২ লাখ ২৫ হাজার ৯০০ টাকা ব্যয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের একটি টিনের ছাউনির লম্বা ঘর বানানো হয়। ওই ঘরে ৩০০ থেকে ৩৫০ টন ধারণক্ষমতার ফুলের বীজ সংরক্ষণের দুটি কুলিং চেম্বার, ফুল ধোয়ার ওয়াশিং কর্নার, প্যাকেজিং ও শৌচাগার–সুবিধা আছে। প্রধান সড়ক থেকে কেন্দ্রে যেতে ১৫০ মিটার দৈর্ঘ্যের ইট বিছানো একটি সংযোগ সড়ক বানানো হয়েছে। সড়কটি অত্যন্ত সরু। ১০-১২ ফুট চওড়া সড়ক দিয়ে পাশাপাশি দুটি পিকআপ চলতে পারবে না। এতে ভ্যানে ফুল নিয়ে প্রধান সড়কে বড় গাড়িতে ওঠানো-নামানোর কাজ করতে হবে। এ কারণে অনেকের ওই বাজারে যেতে অনীহা আছে।
সরেজমিনে দেখা গেছে, চাষিরা ফুল নিয়ে গদখালী ফুলের মোকামে আসছেন। বাজারে ফুল বিক্রির নির্ধারিত জায়গা না থাকায় যশোর-বেনাপোল সড়কের ওপর দাঁড়িয়ে ফুল কেনাবেচা করছেন তাঁরা।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, অনেক দৌড়ঝাঁপ করার পর গদখালীতে ফুল বিপণনকেন্দ্র স্থাপনের প্রকল্প পাস হয়। ২০২২ সালের ১১ এপ্রিল কাজ শেষে কেন্দ্রটি কৃষি বিপণন অধিদপ্তরের কাছে হস্তান্তর করে বিএডিসি। ১১ মাস পেরিয়ে গেলেও কেন্দ্রটি চালু করা হয়নি, যা খুবই হতাশাজনক।
বিপণনকেন্দ্র ব্যবস্থাপনা ও পরিচালনাবিষয়ক নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং কৃষি বিপণন কর্মকর্তা সদস্যসচিবের দায়িত্বে থাকবেন। কেন্দ্রটি চালু করতে ২০ ফেব্রুয়ারি ইউএনওর সভাকক্ষে বৈঠকে ইউএনও মাহবুবুল হক জানান, বিপণনকেন্দ্র পরিচালনার নীতিমালায় বলা হয়েছে, আয়ের ৫০ শতাংশ টাকা পাবে সরকার। বাকি ৫০ শতাংশ টাকা জমির মালিক ও পরিচালনা ব্যয়ে খরচ হবে। এটা সংশোধনের করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘নীতিমালায় অসংগতি তেমন কোনো সমস্যা না। স্থানীয় লোকজনের মধ্যে একটু ঝামেলা আছে। আশা করছি, মাসখানেকের মধ্যে সমাধান হয়ে যাবে।’