স্বতন্ত্র প্রার্থীরাই বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যান্য জেলার চেয়ে চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র ভিন্ন। দুটি আসনেই নির্বাচনী আমেজ আছে। নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। তবে জাতীয় পার্টি, জাসদ (ইনু), ন্যাশনাল পিপলস পার্টি ও জাকের পার্টি প্রার্থী দিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ও জমজমাট প্রচারের কারণে অনেক ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচনের এমন চিত্রই পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা-১ আসন: চুয়াডাঙ্গা-১ আসনে (আলমডাঙ্গা ও সদরের একাংশ) মোট প্রার্থী ছয়জন। এঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুন, স্বতন্ত্র প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা (ঈগল), কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআইয়ের পরিচালক মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান (ফ্রিজ), জেলা জাতীয় পার্টির সভাপতি সোহরাব হোসেন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী (আম) ও নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা (ট্রাক) শহীদুর রহমান।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নৌকা, ঈগল ও ফ্রিজ প্রতীকের প্রার্থী বা তাঁদের সমর্থকেরা ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে।

নৌকার পক্ষে আওয়ামী লীগের একটি বড় অংশ ছাড়াও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা হাসু এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের অনুসারীরা নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন। তবে সবকিছু সমন্বয় করছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। এই বিষয়ে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম থেকে পদ্মা সেতু পর্যন্ত দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। তাঁর প্রতিনিধি হিসেবে আমরা গত ১৫ বছরে অনেক উন্নয়ন করেছি, যা আগে হয়নি।’

প্রায় ছয় মাস ধরে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাওসার আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার এবং তাঁদের অনুসারীরা।

দিলীপ কুমার আগরওয়ালার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তবে আশপাশের জেলার তুলনায় চুয়াডাঙ্গা অনেক পিছিয়ে। তিনি নির্বাচিত হলে চুয়াডাঙ্গাকে স্মার্ট চুয়াডাঙ্গা হিসেবে গড়ে তুলবেন।

ফ্রিজ প্রতীকের প্রার্থী এম এ রাজ্জাক খানের সঙ্গে আছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক জানিফ হোসেনসহ তাঁদের অনুসারীরা। এম এ রাজ্জাক খানের পক্ষে অবস্থান নেওয়া প্রসঙ্গে ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ‘ক্লিন ইমেজের প্রার্থী রাজ্জাক খান। তাঁর মধ্যে আমরা অনেক সম্ভাবনা দেখেছি। তিনি নির্বাচিত হলে চুয়াডাঙ্গায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ উন্নয়নকাজ বাস্তবায়িত হবে। এলাকার মানুষ অনেক দিন ধরে এমন একজন প্রার্থীর অপেক্ষায় ছিলেন।’

লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি সোহরাব হোসেন রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোটিপতি প্রার্থীদের সঙ্গে মাঠে দৌড়ে আর পারছি না। আমি অসুস্থ। তাই গত বুধবার থেকে সব ধরনের প্রচার বন্ধ করে দিয়েছি। ভোটাররা ভালোবেসে ভোট দিলে দেবেন। আমি আর প্রচারে নেই।’

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ইদ্রিস চৌধুরী চুয়াডাঙ্গার দুটি আসনেই ভোটে দাঁড়িয়েছেন। তিনি দাবি করেন, ‘এই আসনে মোট ভোটের ৩০ শতাংশ মাত্র আওয়ামী লীগের, বাকি ভোট অন্যদের। যেহেতু আওয়ামী লীগের ভোট স্বতন্ত্রদের সঙ্গে ভাগ হয়ে যাবে। ফেয়ার ভোট হলে আম প্রতীকের জয় হবে।’

চুয়াডাঙ্গা-২ আসন: চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলি আজগার টগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আবু হাশেম রেজা (ট্রাক), সাবেক ছাত্রলীগ নেতা মীর্জা শাহরিয়ার মাহমুদ (ঢেঁকি) ও নুর হাকিম (ঈগল), জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক (ফ্রিজ), জাতীয় পার্টির প্রার্থী দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (লাঙ্গল), জেলা জাসদের (ইনু) প্রচার সম্পাদক দেওয়ান মো. ইয়াছিউল্লাহ, জেলা জাকের পার্টির সভাপতি আবদুল লতিফ খান (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ইদ্রিস চৌধুরী (আম)।

এই আসনেও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর লড়াই হবে বলে দলীয় নেতা–কর্মী ও সাধারণ ভোটাররা জানিয়েছেন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতা নৌকার প্রার্থীর সঙ্গে আছেন। আলি আজগারের ভাষ্য, ‘গত ১৫ বছরে এলাকাবাসী যে উন্নয়নের সুফল ভোগ করেছেন, সে বিষয়টি বিবেচনা করে করে নৌকা প্রতীকে এবারও ভোট দিতে ভুল করবেন না।’

ট্রাক প্রতীকের আবু হাশেম রেজা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমি ১৫ বছর ধরে রাজনীতির মাঠে আছি। দীর্ঘদিন পর ৭ জানুয়ারি মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। ট্রাক প্রতীকেই তাঁদের ভোট পড়বে।’