সাজেকে কলাবোঝাই জিপ উল্টে নিহত ২
রাঙামাটির বাঘাইছড়িতে কলাবোঝাই চাঁদের গাড়ি (জিপ) উল্টে দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনই কলা ব্যবসায়ী। আজ বুধবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের লাঙ্গলমারা এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজন কলা নিয়ে মাচালং বাজার থেকে বাঘাইহাট বাজারে যাচ্ছিলেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০)। ইলিয়াছ হোসেনের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক ইউনিয়নের মাচালং এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মাচালং বাজার থেকে কলা বোঝাই করে জিপটি নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ী ইলিয়াছ ও অনন্ত। সাজেক-বাঘাইহাট সড়কের লাঙ্গলমারা এলাকায় ২ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে চালক জিপটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জিপটি উল্টে গিয়ে সড়কের বাইরে পড়ে যায়। এতে জিপে থাকা ওই দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় তাঁরা মারা যান।