গৌরীপুরে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানবববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ২০১৩ ব্যাচ ও জহিরুলের শুভাকাঙ্ক্ষীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে
ছবি: প্রথম আলো

ময়মনিসংহের গৌরীপুর উপজেলায় কলেজছাত্র জহিরুল ইসলাম ওরফে মিঠু (২৪) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে এসএসসি ২০১৩ ব্যাচ ও জহিরুলের শুভাকাঙ্ক্ষীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে ছুরিকাঘাতে নিহত হন জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায়। তাঁর বাবার নাম মোখলেছুর রহমান। জহিরুল গৌরীপুর সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। জহিরুলের সহপাঠীদের দাবি, পৌর শহরের বাড়িওয়ালাপাড়া এলাকার বাসিন্দা আলবার্ড বাদলের ছেলে ডেভিট রকি নামের এক তরুণ জহিরুলকে হত্যা করেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া জহিরুলের সহপাঠীরা বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে ডেভিড রকি জহিরুল হককে হত্যা করেছেন। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও পুলিশ হত্যাকারীকে আটক করেনি। দ্রুততম সময়ের মধ্যে রকিকে আটক না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা একপর্যায়ে অভিযুক্ত হত্যাকারীদের আটকের দাবিতে স্লোগান দেন। তবে মানববন্ধনে জহিরুলের স্বজনেরা কেউ উপস্থিত ছিলেন না।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর জহিরুল ইসলাম পৌর শহরের পাট বাজার এলাকায় সোমা ফার্মেসি নামে নিজেদের ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জহিরুলের সহপাঠী ও তাঁর স্বজনদের দাবি, পৌর শহরের পাট বাজার মোড়ে জহিরুলের চাচাতো ভাই টিপু সুলতানের স্বর্ণালংকারের দোকান আছে। ওই দোকানে ডেভিড রকির ভাই ডেভিড সেন্টু স্বর্ণালংকার বিক্রি করতে গেলে দরদাম নিয়ে টিপুর সঙ্গে সেন্টুর বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় ডেভিড রকির সঙ্গেও টিপুর বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় জহিরুল রকিকে থামানোর চেষ্টা করলে রকি ক্ষিপ্ত হয়ে জহিরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, জহিরুল হত্যাকাণ্ডের ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিবার কোনো মামলা করেনি। তবে পুলিশ তদন্ত করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।